বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় ‘প্রথম’ বসনিয়া
বাছাইপর্বের বৈতরণি পার হতে ঘাম ঝরাতে হয়েছে বেশ। একদম শেষ দলগুলোর একটি হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় প্রথম হলো বলকান অঞ্চলের দেশটি। অভিজ্ঞতা, তারুণ্য এবং নতুন মুখের মিশেলে আজ ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন বসনিয়া কোচ সের্গেই বারবারেজ।
স্কোয়াডে অভিজ্ঞতায় ঋদ্ধ ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো আছেন, তেমনি নতুন মুখ ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিচকেও রাখা হয়েছে। তবে বসনিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডধারী জেকোই এই দলের মূল তারকা।
বসনিয়া এর আগে একবারই বিশ্বকাপে খেলেছে। ২০১৪ সালের সেই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি থেকে শুধু জেকো ও আতালান্তা ডিফেন্ডার সিড কোলাসিনাচকে রেখেছেন কোচ সের্গেই বারবারেজ।
বাছাইপর্বের প্লে-অফে ওয়েলস ও ইতালিকে টাইব্রেকারে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া। তবে ইতালির বিপক্ষে প্লে–অফ ফাইনালে অতিরিক্ত সময়ে চোট পান জেকো। এই চোটে শালকের হয়ে চার ম্যাচ খেলতে না পারলেও সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামায় তাঁর ফিটনেস নিয়ে শঙ্কা কমেছে।
২১ বছর বয়সী মাহমিচের জন্ম অস্ট্রিয়ায়। বসনিয়ার হয়ে তাঁর খেলার আবেদন চলতি মাসের শুরুতে ফিফা অনুমোদন করার পর তাঁকে দলে ডাকতে দেরি করেননি বসনিয়া কোচ।
অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন মাহমিচ। বসনিয়ার অনূর্ধ্ব-১৯ দলেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর। কোচ বারবারেজ এই তরুণের মধ্যে জাতীয় দলের দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ দেখছেন।
মাহমিচকে নিয়ে বারবারেজ বলেন, ‘আমাদের সঙ্গে যোগ দিতে পেরে সে কতটা খুশি ও গর্বিত, তা আপনি বিশ্বাস করতে পারবেন না। সে মূলত ৮ ও ১০ নম্বর পজিশনে খেলে। আমাদের দলে ওর মতো প্রোফাইলের খেলোয়াড় খুব একটা নেই। আশা করছি সে নিজেকে আরও মেলে ধরবে এবং আগামী ১০ বছর বসনিয়াকে ভালো সার্ভিস দেবে।’
বসনিয়ার বিশ্বকাপ স্কোয়াড: গোলকিপার: নিকোলা ভাসিল, মার্টিন জ্লোমিসলিচ ও ওসমান হাদজিকিচ। রক্ষণ: সিড কোলাসিনাচ, আমর দেদিচ, নিহাদ মুয়াকিচ, নিকোলা কাতিচ, তারিক মুহারেমিভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাদজিকাদুনিচ ও নিদাল চেলিক। মাঝমাঠ: আমির হাদজিয়াহমেতোভিচ, ইভান সুনিচি, ইভান বাসিচ, জেনিস বুরনিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমর মেমিচ, আরমিন গিগোভিচ, কেরিম আলাইবেগোভিচ ও এসমির বাজরাক্তারেভিচ। আক্রমণ: এরমেদিন ডেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাজদার, হারিস তাবাকোভিচ ও এডিন জেকো।
রেড বুল সালজবুর্গের ১৮ বছর বয়সী উইঙ্গার কেরিম আলবোগোভিচ বসনিয়ার বিশ্বকাপ দলে সর্বকনিষ্ঠ সদস্য। ওয়েলসের বিপক্ষে জেকোকে দিয়ে গোল করানোর পাশাপাশি টাইব্রেকারে জয়সূচক গোলও আলবেগোভিচের। ইতালির বিপক্ষেও পেনাল্টি থেকে গোল পান।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বসনিয়া। ২৯ মে সারায়েভোতে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এবং পরে সেন্ট লুইসে পানামার মুখোমুখি হবে তারা। আগামী ১২ জুন টরন্টোতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বসনিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা, কাতার ও সুইজারল্যান্ড।