নেইমারকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে আনচেলত্তির সঙ্গে আলোচনা ব্রাজিল প্রেসিডেন্টের
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে লুলা নিজেই এ কথা জানান। নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা নিয়ে নিজের ব্যক্তিগত মতামতও সেখানে তুলে ধরেন লুলা।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তখন আনচেলত্তিই আমাকে জিজ্ঞাসা করলেন, “আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?” আমি বললাম,দেখুন, সে যদি শারীরিকভাবে ফিট থাকে, তার ফুটবলীয় সামর্থ্য আছে।”’
গত ২৬ জানুয়ারি ২০২৭ নারী বিশ্বকাপের অনুষ্ঠানে একটি লুলা এবং আনচেলত্তির দেখা হয়। আগামী নারী বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। সেই অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে ছবি তোলেন এবং প্রেসিডেন্ট লুলা রসিকতা করে আনচেলত্তিকে তাঁর প্রিয় ক্লাব করিন্থিয়ানসের কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধও জানান।
নেইমারের বিষয়ে কথা বলতে গিয়ে লুলা উদাহরণ হিসেবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ টানেন, ‘আমাদের আগে জানতে হবে সে নিজে (দলে ফিরতে) চায় কি না। যদি চায়, তবে তাকে পেশাদার হতে হবে। শুধু নামের জোরে (বিশ্বকাপে) যেতে পারে না, ফুটবলীয় প্রতিভা দিয়েই ফিরতে হবে। সে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা মেসিকে অনুসরণ করতে পারে; তবে ফিরতে পারবে জাতীয় দলে।’
চোট ও ফিটনেস সমস্যায় দুই বছরের বেশি সময় ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। কোচ আনচেলত্তি বারবার বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে থাকতে নেইমারকে ফিটনেস ফিরে পেতে হবে। আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।
জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে নেইমার সান্তোসের হয়ে আজ মাঠে নেমেছিলেন। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচের ৪ মিনিটে গোল করেন নেইমার।
ম্যাচ শেষে ভিলা বেলমিরোর ভিআইপি গ্যালারিতে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন নেইমার। সেখানে সমর্থকেরা সান্তোসের প্রতি নেইমারের সম্মানবোধ নিয়ে প্রশ্ন তোলেন। নিজের জার্সিতে সান্তোসের লোগোর দিকে আঙুল উঁচিয়ে নেইমার জবাব দেন, ‘আমি শ্রদ্ধা করি, অন্তর থেকেই শ্রদ্ধা করি।’
ইএসপিএনের ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে নেইমার সমর্থকদের পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কি নষ্ট হয়ে গেছি? আমি তো এখানে নিজের সবটুকু নিংড়ে দিচ্ছি, ভাই।’
ম্যাচ শেষে ‘মিক্সড জোনে’ সমর্থকদের সঙ্গে সেই উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নেইমার, ‘আমাদের খেলা নিয়ে সমর্থকরা সমালোচনা করবেন, সেটা আমি বুঝি। কিন্তু যখন বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, তখন সেটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি নিজের কাজের প্রতি সৎ, যতটা প্রয়োজন তার চেয়েও বেশি শ্রম দিই; তাই আমার সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়...সমর্থকেরা মাঝেমধ্যে সীমা ছাড়িয়ে যান, এমনভাবে অপমান করেন যে খুব কষ্ট লাগে।’