দুইয়ে থেকেই অবসরের ঘোষণা রদ্রিগেজের

হামেস রদ্রিগেজএএফপি

কলম্বিয়া জাতীয় দলে তাঁর অভিষেক ২০১১ সালে। বলিভিয়ার বিপক্ষে সেই অভিষেক ম্যাচেই করেছিলেন জয়সূচক গোল। এরপর কেটে গেছে ১৫ বছর। ১০ নম্বর জার্সিতে একের পর এক স্মৃতি জমিয়েছেন হামেস রদ্রিগেজ। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি গোল করায়ও উঠে এসেছেন দুইয়ে। এতটা উঠে আসার পর অবশেষে রদ্রিগেজের মনে পড়েছে, এখন থামতে হবে!

আসলে জাতীয় দলের সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টেনেছেন রদ্রিগেজ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই তারকা।

বিদায় ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে রদ্রিগেজ বলেন, ‘আজ আমি হৃদয় থেকে কথা বলতে চাই। অনেক বছর, অনেক ম্যাচ, আনন্দ এবং কঠিন মুহূর্তের পর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় হয়েছে। সেটি হলো কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।’

কলম্বিয়ার হয়ে রদ্রিগেজ খেলেছেন তিনটি বিশ্বকাপে। ২০১৪, ২০১৮ এবং ২০২৬ বিশ্বকাপে দেখা গেছে তাঁকে। এই তালিকায় ২০২২ বিশ্বকাপ নেই, কারণ সেই বিশ্বকাপে কলম্বিয়া খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

রদ্রিগেজের প্রথম বিশ্বকাপ মানে ২০১৪ বিশ্বকাপটাই সবচেয়ে স্মরণীয়। সেবার তিনি মাত্র পাঁচ ম্যাচে করেন ছয় গোল। জেতেন গোল্ডেন বুট। তবে এসবকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলার ম্যাচে ভলিতে তাঁর সেই চোখধাঁধানো গোল। সেই বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের ফল পেয়েছিলেন আসর শেষেই। নাম লিখিয়েছিলনে রিয়াল মাদ্রিদে।

আরও পড়ুন

কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ ১৩১ ম্যাচ খেলেছেন রদ্রিগেজ। করেছেন ৩১ গোল এবং ৪৩টি ‘অ্যাসিস্ট’। দেশটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল তাঁর। সর্বোচ্চ গোল রাদামেল ফালকাওয়ের, ৩৬টি। বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে রদ্রিগেজ যৌথভাবে শীর্ষে। কার্লোস ভালদেরামা ও ফ্রেডি রিনকনের সঙ্গে ভাগ বসিয়েছেন এই রেকর্ডে।

২০২৬ বিশ্বকাপেই কলম্বিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেন রদ্রিগেজ। গত ৭ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। সেটিই হয়ে রইল জাতীয় দলের হয়ে রদ্রিগেজের শেষ ম্যাচ।

জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন রদ্রিগেজ। তাঁর নেতৃত্বে ২০২৪ কোপা আমেরিকা ফাইনালে ওঠে কলম্বিয়া। শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হারলেও ২৩ বছর পর প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আমেরিকার দলটি।

জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে এখনই থামছেন না রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।

আরও পড়ুন