তাহলে কি লাল কার্ড বাতিলে ট্রাম্পের কাছে যাবেন কেইন

ট্রাম্পের হাতে লাল কার্ডরয়টার্স

হ্যারি কেইন কি তবে এখন ডোনাল্ড ট্রাম্পের দরবারে যাবেন?

মার্কিন প্রেসিডেন্টের শরণাপন্ন হলেই কি মেক্সিকো ম্যাচে লাল কার্ড দেখা ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা উঠে যাবে? এমন অদ্ভুত আলোচনাও হচ্ছে ফুটবল বিশ্বকাপে। কিন্তু কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা তোলার পেছনে ট্রাম্পের সম্পর্ক কী?

বার্তাসংস্থাগুলো বলছে, ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেছে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড। ফিফা নাকি ট্রাম্পের সরাসরি সুপারিশেই বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছে।

এ কারণেই কোয়ানসার এই লাল কার্ড বাতিল করতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এখন ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইতে পারেন বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

টুখেল মূলত ফিফার সমালোচনা করতে গিয়ে রসিকতা করে এমন মন্তব্য করেছেন। তিনি ফিফার সিদ্ধান্তে ধারাবাহিকতা দেখতে চান, ‘আমি মনে করি, ওটা (বালোগান) কোনো লাল কার্ড ছিল না। কিন্তু ভিএআর এতে যুক্ত হয় এবং স্পষ্টতই ভিএআর-এর তিনজন ও রেফারি এটি পরীক্ষা করে সিদ্ধান্ত দিয়েছেন। ফলে সিদ্ধান্ত তো হয়েই গেছে।’

আরও পড়ুন

টুখেল আরও বলেন, ‘এখন এই সিদ্ধান্ত কে, কখন এবং কিসের ভিত্তিতে বাতিল করল? আর এই জল কতদূর গড়াবে? এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। আমরা শুধু সিদ্ধান্তের ধারাবাহিকতা চাই। তাহলে প্রথম মিনিটে ডেক্লান রাইসের পাওয়া আমাদের হলুদ কার্ডটি কি...আমরা এখন অন্তহীন বিতর্ক করতে পারি। আমি মনে করি, ওটা হলুদ কার্ড ছিল না। আমরা কি ওটা ফেরত পাব? প্যারাগুয়ের বিপক্ষে মাইকেল ওলিসের পাওয়া হলুদ কার্ডটি কি ফ্রান্স ফেরত পাবে, যা আদতে হলুদ কার্ডই ছিল না?’

টুখেল প্রশ্ন তোলেন, ‘এর শেষ কোথায়? আমি নিয়মকানুন জানি না। আমাকে জিজ্ঞেস করা ভুল হবে। আমি শুধু অপেক্ষা করতে পারি এবং দেখব সামনে কী হয়।’

আরও পড়ুন

ইংল্যান্ডের জয়ের পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ হ্যারি কেইনের প্রশংসা করে তাঁকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ বলে আখ্যা দেন। ইংল্যান্ড অধিনায়ক কোয়ানসার লাল কার্ডের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে তদবির করতে পারেন কি না, জানতে চাওয়া হলে টুখেল রসিকতা করে বলেন, ‘হতে পারে, এখান থেকে শুরু হতে পারে।’

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল
এএফপি

টুখেল শেষ করেন এই বলে, ‘কোথায় সীমারেখা টানতে হবে, সেটাই আমার প্রশ্ন। আমার কাছে এর কোনো উত্তর নেই। এখন এর শেষ কোথায় হবে? হলুদ কার্ড যদি হলুদ কার্ড না হয়, তবে কি আমরা আপিল করব? আমরা কি মনে করি এটা লাল কার্ড নয়, নাকি অন্য কেউ তেমনটা মনে করে? এর শুরু কোথায় আর শেষ কোথায়?’