কেন মেসির কাছ থেকে শেখা কঠিন বলছেন ম্যাক অ্যালিস্টার

মেসি ও ম্যাক অ্যালিস্টারএএফপি

লিওনেল মেসির সঙ্গে বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন কোপা আমেরিকা ট্রফিও। চার বছর ধরে মেসিকে কাছ থেকে দেখলেও এখনো বিস্মিত হন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডারের মতে, মেসি যা করেন, তা শুধু দেখে শেখা নয়, অনুকরণ করাও প্রায় অসম্ভব।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। ৩৮ বছর বয়সী মেসির এমন পারফরম্যান্স নিয়ে ডালাসে সাংবাদিকদের অ্যালিস্টার বলেন, মেসির ফুটবলীয় প্রতিভাকে ব্যাখ্যা করা যায়, কিন্তু নকল করা যায় না।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘আমি লিওর সঙ্গে থাকতে খুব উপভোগ করি। তাঁর মতো আর কেউ আসবে না। তাঁকে পাশে থেকে খেলতে দেখাটা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। তিনি যা করেন, সেগুলো স্বাভাবিক নয়। আমার দিক থেকে আমি শুধু এর সুবিধা নেওয়ার চেষ্টা করি।’

সুবিধা বলতে মেসি আশপাশে থাকলে খেলাটা আরও সহজ হয়। তবে মেসির খেলা থেকে শেখার অনেক কিছু থাকলেও সেটি বাস্তবায়ন করা অসম্ভবই মনে করেন ম্যাক অ্যালিস্টার, ‘তিনি যা করেন, সেখান থেকে শেখা খুব কঠিন। কারণ, আপনার মাথায় হয়তো কৌশলটা আসবে, কিন্তু আপনি কখনোই মাঠের ভেতর হুবহু সেভাবে তা করে দেখাতে পারবেন না। আমি তাঁর কাছ থেকে যা শিখি, সেটা হলো তাঁর মূল্যবোধ ও বিনয়।’

আরও পড়ুন

আলজেরিয়ার বিপক্ষে জয়ে মেসিই করেছিলেন সব গোল। সেদিন তিন গোলের অন্তত দুটিতে আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাক অ্যালিস্টারের। বিশেষ করে প্রথম গোলের সময় তিনি যেভাবে বল পেয়েও মেসির জন্য ছেড়ে দিয়েছিলেন, সেটা নিয়ে ম্যাচের পর আলোচনা হয়েছে বেশ। অনেকের চোখে সেটি ছিল তাঁর বুদ্ধিদীপ্ত ‘মুভ’।

তবে ম্যাক অ্যালিস্টারের দাবি, তিনি শুরু থেকেই জানতেন বলটি তাঁর জন্য ছিল না, ‘প্রথম গোলের সময় আমি দুই লাইনের মাঝামাঝি জায়গায় ছিলাম। দেখলাম, লিও আমার পেছনে আছে। আমি বল ছেড়ে দিয়েছিলাম বলে অনেকে কথা বলেছেন। তবে যাঁরা ফুটবল খেলেছেন, তাঁরা সবাই বুঝতে পারবেন যে রদ্রিগোর (দি পল) পাসটিতে যে গতি ছিল, তা দেখেই আমি বুঝতে পেরেছিলাম ওটা আমার জন্য ছিল না।’

আর্জেন্টিনা তাদের গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আজ বাংলাদেশ সময় রাত ১১টায়।

আরও পড়ুন