ভারত করেছে ১১ গোল, বাংলাদেশ চায় আরও বেশি
সবুজ ঘাসে ঢাকা ফুটবল মাঠ। সেই মাঠের চারপাশে অ্যাথলেটিকস ট্র্যাক। ঘাসের মাঠজুড়ে চলছে একটি বিদেশি দলের ফুটবল অনুশীলন, যাদের সামনে আঞ্চলিক টুর্নামেন্ট। আর পাশের ট্র্যাকেই দৌড়াচ্ছেন স্থানীয়রা।
ঠিক এমন পরিবেশেই আজ গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাবে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ নারী চ্যাম্পিয়নশিপ চলছে ভারতের গোয়ায়। টুর্নামেন্ট শুরু হয়েছে সোমবার। বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার।
সর্বশেষ দুই সাফে শিরোপা জেতা বাংলাদেশ এবার ভারতে গেছে হ্যাটট্রিকের আশায়। তবে আজকের অনুশীলনে কিছুটা অস্বস্তিতেই পড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে। অসমতল মাঠে বৃষ্টির পানি জমে ছিল অনেক জায়গায়, ড্রেসিংরুমের পরিবেশও ছিল গুমোট। বাংলাদেশ দল ভারতে যাওয়ার আগে প্রস্তুতি ক্যাম্প করেছিল থাইল্যান্ডে। দুই সপ্তাহের সেই অনুশীলনের সুযোগ-সুবিধার সঙ্গে তুলনা তাই হওয়ারই কথা। তবে ডিফেন্ডার শিউলি অস্বস্তির বিষয়টি স্বীকার করলেও এ নিয়ে অভিযোগ তুলতে চান না, ‘থাইল্যান্ডে ভালো ফ্যাসিলিটিজ ছিল। এখানকার মাঠ একটু খারাপ। তবে আমরা মানিয়ে নিচ্ছি।’
ছয় দলের টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। তিন দল নিয়ে গড়া গ্রুপের অপর দুই দেশ ভারত ও মালদ্বীপ। এর মধ্যে প্রথম দিনে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ভারত। বৃহস্পতিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। দলের মিডফিল্ডার শাহেদা আক্তার মনে করেন নিজেদের শক্তিমত্তা জানান দিতে বাংলাদেশকে ভারতের চেয়েও বড় ব্যবধানে জেতা দরকার, ‘এই টুর্নামেন্টে সব দলই চ্যালেঞ্জিং। সবারই চেষ্টা থাকে ভালো করার। প্রথম ম্যাচে ওরা (ভারত) যেহেতু ১১ গোল দিয়েছে, আমাদের চেষ্টা থাকবে ওদের চেয়েও বেশি গোল দেওয়ার।’
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের বেশি গোল দেওয়া দরকার গ্রুপসেরা নিশ্চিত করার জন্য। ভারতের পেছনে থেকে গ্রুপে দ্বিতীয় হলে সেমিফাইনালে নেপালকে সামলানোর দরকার পড়তে পারে। শিউলির মতে, ভারতের পাশাপাশি গত দুই আসরের রানার্সআপরাই এবারের টুর্নামেন্টে শিরোপার সবচেয়ে বড় দাবিদার, ‘এই টুর্নামেন্টের বাস্তবতা যদি বলি, তাহলে হট ফেবারিট হচ্ছে নেপাল আর ভারত। আমরা নিজেদের হট ফেবারিট ধরছি না।’
নিজেদের শিরোপার সবচেয়ে বড় দাবিদার না ভাবলেও ট্রফি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই যে করে যাবেন, তা অবশ্য বলতে ভোলেননি শিউলি। ২০২২ ও ২০২৪ সালে সাফ শিরোপা জিতলেও এই মুহূর্তে তা বড় করে দেখতে রাজি নন এই ডিফেন্ডার, ‘ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না। আগে কী ছিলাম ভুলে যেতে হবে।’
শিউলি শিরোপাজয়ী দুটি দলেই ছিলেন। শাহেদা খেলেছেন একটিতে। আর এবার যাঁরা প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলছেন, তাঁরা তো শিরোপার জন্য বিভোরই। দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহেদা যেমনটা বললেন, ‘সবারই লক্ষ্য শিরোপাটা নিয়ে দেশে যাওয়া। তাহলে তৃতীয় শিরোপা উদ্যাপন হবে। অনেকের জন্য প্রথমবার, আমার জন্য দ্বিতীয়বার। আবার কারও কারও জন্য দ্বিতীয়বার। সবাই শিরোপার জন্য মুখিয়ে আছে।’
বাংলাদেশের মেয়েরা হ্যাটট্রিক শিরোপা জিততে পারবে কি না, সেটি বোঝা যাবে ৫ জুনের ফাইনালে। তার আগের ধাপগুলো পার হতে শুরুটা হতে হবে আত্মবিশ্বাস-জাগানো। যে শুরুটা মারিয়া মান্ডার দল করবে আগামীকাল।