প্রিমিয়ার লিগে কোচদের যে তালিকায় আরতেতা ‘নিঃসঙ্গ শেরপা’
আধুনিক ফুটবলে, বিশেষ করে প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় একই ক্লাবের কোচের দায়িত্বে টিকে থাকা আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন। দ্রুত ফল পাওয়ার তীব্র চাপে প্রত্যাশা পূরণ না হলেই অনেক ক্লাব আতঙ্কিত হয়ে কোচ বদলের সিদ্ধান্ত নেয়। নতুন কোচ এলে দলের পারফরম্যান্সে তাৎক্ষণিক ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রচলিত ধারণার ওপরই ভরসা করে তারা।
তবে এ প্রবণতার ব্যতিক্রমও আছে। কয়েকজন কোচ চাপ সামলে বছরের পর বছর একই ক্লাবের দায়িত্বে থেকেছেন, যা প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতামূলক আসরে নিঃসন্দেহে বড় অর্জন। ট্রান্সফারমার্কেট ১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা ২০ জন কোচের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় বর্তমানে দায়িত্বে থাকা কোচদের মধ্যে জায়গা পেয়েছেন মাত্র একজন—আর্সেনাল কোচ মিকেল আরতেতা।
তালিকার শীর্ষে আর্সেনালেরই সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। ইংলিশ ফুটবলে আমূল পরিবর্তন আনার কৃতিত্ব প্রায়ই দেওয়া হয় ওয়েঙ্গারকে। ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ২১ বছর ৮ মাস আর্সেনালের দায়িত্বে ছিলেন এই ফরাসি কোচ।
দ্বিতীয় স্যার অ্যালেক্স ফার্গুসন। প্রিমিয়ার লিগ যুগে তিনি ২০ বছর ১১ মাস ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালন করেন এবং দলকে জেতান ১৩টি লিগ শিরোপা। অবশ্য ১৯৯২ সালের আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে তাঁর সময়টুকুও হিসাব করা হলে তালিকার শীর্ষেই থাকতেন এই স্কটিশ কিংবদন্তি।
ডেভিড ময়েস তালিকায় তৃতীয়। ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১১ বছর ৩ মাস এভারটনের কোচ ছিলেন। বর্তমানে ৬২ বছর বয়সী ময়েস আবারও এভারটনের দায়িত্বে ফিরেছেন। তবে এবার আগের মতো এত দীর্ঘ সময় দায়িত্বে থাকতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
চতুর্থ স্থানটি প্রিমিয়ার লিগের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার। ঠিক ১০ বছর ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালনের পর গত মৌসুম শেষে ইতিহাদ স্টেডিয়াম ছেড়েছেন। এই সময়ে সিটিকে ছয়বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন এই স্প্যানিশ কোচ। পঞ্চম স্থানে লিভারপুলে শিরোপাখরা দূর করার নায়ক ইয়ুর্গেন ক্লপ। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ বছর ৮ মাস লিভারপুলের দায়িত্বে ছিলেন এই জার্মান কোচ।
ষষ্ঠ স্থানে জো কিনিয়ার। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৬ বছর ১১ মাস প্রিমিয়ার লিগে উইম্বলডনের কোচ ছিলেন তিনি। সপ্তম হ্যারি রেডন্যাপ। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত ৬ বছর ৯ মাস ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের দায়িত্ব পালন করেন রেডন্যাপ।
আরতেতার অবস্থান আটে। গত মৌসুমে আর্সেনালকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানোর পর বর্তমানে তিনিই লিগে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা সক্রিয় কোচ। উত্তর লন্ডনের ক্লাবটিতে তাঁর দায়িত্বকাল এখন ৬ বছর ৬ মাস।
সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী মৌসুম শেষ হওয়ার আগেই তালিকার সাতে উঠে আসতে পারেন আরতেতা। নবম স্থানে রাফায়েল বেনিতেজ। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫ বছর ১১ মাস লিভারপুলের কোচ ছিলেন বেনিতেজ। দশম স্থানে রয়েছেন অ্যালান কুরবিশলে। ২০০০-এর দশকে চার্লটন অ্যাথলেটিকের দায়িত্বে ছিলেন টানা ৫ বছর ১১ মাস।
*মিকেল আরতেতা এখন আর্সেনালের কোচ।