চার শিরোপার আশা এখন শুধু ইউনাইটেডেরই
শুরুটা হয়েছিল লিগে টানা দুই ম্যাচ হেরে। আর তাতেই একটা লজ্জার রেকর্ডেরও ভাগীদার হয়ে গিয়েছিলেন এরিক টেন হাগ। ১৯২১ সালে জন চাপম্যানের পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দুই ম্যাচই হেরেছেন।
ওই দুই ম্যাচ শেষে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান ছিল ২০ নম্বরে। এটা গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ের কথা। সে সময় ফুটবল-বিশেষজ্ঞরা তো বটেই, ইউনাইটেডের সাবেক খেলোয়াড়েরাও ধুয়ে দিয়েছেন টেন হাগকে। অনেকের কাছেই মনে হয়েছিল, যতই কোচ বদলানো হোক, এই ইউনাইটেডকে দিয়ে কিছু হবে না। একেবারে গোড়া থেকে বদলে ফেলতে হবে সব।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রাইটব্যাক গ্যারি নেভিল তো বলেই দিয়েছিলেন, ‘৪২ বছর ধরে ইউনাইটেডকে দেখছি। এর চেয়ে খারাপ অবস্থা আর কখনো ছিল কি না, মনে করতে পারছি না।’ নেভিলের ক্ষোভটা অবশ্য শুধু টেন হাগের ওপর ছিল না, ছয় বছর ধরে ছোট-বড় কোনো ট্রফিই জিততে না পারা ক্লাবটার পরিচালনা পর্ষদ ও মালিকপক্ষকেই এ জন্য সবচেয়ে বেশি দায়ী করেছিলেন তিনি।
কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার অবশ্য আশা দেখিয়েছিলেন এর পরও, ‘অনেক সময় লাগবে। টাকা লাগবে অনেক, আর লাগবে ইউনাইটেড সমর্থকদের ধৈর্য। তারপর যদি কিছু হয়।’
সময় চেয়েছিলেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগও। মালিকপক্ষ সেটা দিয়েছেও। কিন্তু মাসখানেক পরই টেন হাগ জড়ালেন নতুন বিতর্কে। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় ক্রিস্টিয়ানো রোনালদো নেই, সেটা তিনি একাদশ নির্বাচন থেকে শুরু করে বিভিন্নভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু ইউনাইটেডের ‘ঘরের ছেলে’ হয়ে যাওয়া কিংবদন্তি রোনালদোকে এভাবে উপেক্ষা করা ভালোভাবে নেননি অনেক সমর্থকই।
রোনালদোর নিজের তো নেওয়ার কথাও নয়, নেননি যে সেটা তো পরে পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারেই বুঝিয়ে দিয়েছেন। কাতার বিশ্বকাপের আগে আগে দেওয়া সেই সাক্ষাৎকারে টেন হাগকে রীতিমতো তুলাধোনো করে ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন রোনালদো। তবে টেন হাগ তখনো টলেননি নিজের নীতি থেকে। তখনো শুধুই সময় চেয়ে গেছেন ইউনাইটেড সমর্থক ও পরিচালনা পর্ষদের কাছে।
খুব বেশি সময় আসলে লাগেনি। আগস্টের মাঝামাঝি থেকে এখন জানুয়ারির শেষ।
মাঝে বিশ্বকাপের জন্য প্রায় দেড় মাসের বিরতি বাদ দিলে মাস চারেকের মতো সময় পেয়েছেন এরিক টেন হাগ। এখন ২০ ম্যাচ শেষে তাঁর দল ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে চারে। পয়েন্ট সমান ম্যাচ খেলে ৩ নম্বরে থাকা নিউক্যাসলের সমান, শুধু গোল ব্যবধানে পিছিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ২৩ ম্যাচে ইউনাইটেডের হার মাত্র দুটি। লিগ কাপে ইউনাইটেড ফাইনালে এক পা দিয়েই রেখেছে বলা যায়।
সেমিফাইনালের প্রথম লেগে নটিংহাম ফরেস্টকে হারিয়েছে ৩-০ গোলে। এরই মধ্যে এফএ কাপের শেষ ষোলোতেও উঠে গেছে ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে জায়গা হয়নি ইউনাইটেডের, খেলতে হয়েছে ইউরোপা লিগে। সেখানেও গ্রুপ পেরিয়ে নকআউটে জায়গা নিশ্চিত করে রেখেছে টেন হাগের দল। তার মানে যে চার টুর্নামেন্টে এই মৌসুমে খেলার সুযোগ পেয়েছে ইউনাইটেড, সব কটিতেই টিকে আছে তারা, অন্তত কাগজে-কলমে সব কটিতেই আছে শিরোপা জেতার সম্ভাবনা। ইংল্যান্ডের আর কোনো ক্লাবই এই মৌসুমে এখন পর্যন্ত চারটি টুর্নামেন্টে টিকে নেই।
লিগ কাপ থেকে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসির মতো পরাশক্তিরা ছিটকে গেছে। তবে সিটি, লিভারপুল, চেলসি, টটেনহাম চ্যাম্পিয়নস লিগে এখনো টিকে আছে। আবার এফএ কাপ থেকে বিদায় হয়ে গেছে আর্সেনাল, চেলসি ও লিভারপুলের। প্রিমিয়ার লিগে লিভারপুল ৯ নম্বরে, ১০ নম্বরে চেলসি। শিরোপা জয়ের আশা এই দুই দলের কার্যত নেই বললেই চলে। আর্সেনাল-সিটিকে পেছনে ফেলে ইউনাইটেড এবার লিগ শিরোপা জিতবে, সেই আশাও বাড়াবাড়ি মনে হতে পারে, তবে ওরা লড়াইয়ে আছে।
মৌসুমের আরও ১৮টি করে ম্যাচ বাকি। সেই ১৮ ম্যাচের ফল একটু এদিক-ওদিক হলে লড়াইটা আরও জমজমাট হয়ে উঠতেই পারে। বিশেষ করে ইউনাইটেডের এমন দারুণ ফর্ম দেখে সমর্থকেরা এই আশাটুকু করতেই পারেন।
আর লিগে না পারলে লিগ কাপ আছে, আছে এফএ কাপ ও ইউরোপা লিগ। ছয় বছরের শিরোপা–খরা এবার শেষ হবে, ওল্ড ট্রাফোর্ডে কান পাতলে এমন একটা আশার কথা ফিসফিসানির মতো হলেও শোনা যাবে।
কোচ এরিক টেন হাগও হয়তো এই ফিসফাস শুনতে পেয়েছেন, সে কারণে এরই মধ্যে বলেছেনও, ‘শিরোপা জয়ের মতো অনুভূতি, আনন্দ আর কিছুতে নেই। সৌভাগ্যক্রমে আমি আমার ক্যারিয়ারে কিছু ট্রফি জিতেছি। এই ক্লাবের সমর্থক যাঁরা আছেন, বিশেষ করে একটু বয়সী সমর্থক যাঁরা, তাঁরাও সেই স্বাদ অনেক পেয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইউনাইটেডের কোনো ট্রফি নেই। এই অপেক্ষা যন্ত্রণাদায়ক, আমি জানি এটা। শিরোপার জন্য সবকিছুই করব আমরা।’
এখন টেন হাগের ওপর আস্থা রাখতে মনে হয় না আর কোনো দ্বিধা আছে ইউনাইটেড সমর্থকদের।