ডেনমার্কের কাছে হারা এমবাপ্পেদের অবনমন থেকে বাঁচালেন মদরিচরা
২৫ নভেম্বর কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি ফ্রান্স-ডেনমার্ক। এর দুই মাস আগে উয়েফা নেশনস লিগের সৌজন্যে একে অপরকে দেখে নেওয়ার সুযোগ পেয়েছে দুই দল। সুযোগটা কাজে লাগিয়েছে ডেনিশরা। বিশ্বকাপ ও নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক।
এ নিয়ে চলতি বছর তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে হারল ফরাসিরা। দুবারের বিশ্বকাপজয়ীদের ফুটবল ইতিহাসে এমন বছর সর্বশেষ দেখা গেছে ২০১০ সালে। তিন ম্যাচের দুটি হারই ডেনমার্কের কাছে।
ডেনমার্ক রাজধানী কোপেনহেগেনের এই হারে অবশ্য ফ্রান্সের বড় কোনো ক্ষতি হয়নি। গ্রুপ ওয়ানের অপর ম্যাচে ক্রোয়েশিয়া ৩-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে বলেই অবনমন এড়িয়েছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার জয়ে একটি গোল করেছেন লুকা মদরিচ।
চার দলের মধ্যে পয়েন্ট তালিকার তলানিতে থাকায় লিগ বিতে অবনমন ঘটেছে অস্ট্রিয়ার, ১ পয়েন্ট (৬ ম্যাচে ৫) বেশি নিয়ে অল্পের জন্য বেঁচে গেছে ফ্রান্স। সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে গেছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
কাতার বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে ফ্রান্সের সঙ্গী ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে বিশ্বকাপ প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগটা ছিল ফ্রান্সের জন্য ‘মেঘ না চাইতে বৃষ্টি’র মতো।
নিয়মিত কয়েকজন চোটে থাকায় কোচ দিদিয়ের দেশমের লক্ষ্য ছিল তরুণদের বাজিয়ে দেখা।
শুরুর একাদশে তাই কামাভিঙ্গা, সালিবা ও বাদিয়াশিলের মতো তিন তরুণকে নামিয়ে দেন ফ্রান্স কোচ, যাঁদের সবার জন্ম ২০০১ বা তার পরে।
তবে পরীক্ষা শেষে খুব একটা খুশি হতে পারেননি দেশম, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক হতে পারিনি। বেশ কিছু টেকনিক্যাল ভুলও করেছি। একটা তরুণ দল নামিয়েছিলাম, যাদের এই পর্যায়ে খেলার অভিজ্ঞতা খুব একটা নেই। আজকের রাতটা ছিল বাস্তবতা বোঝার।’
চোটের জন্য ডেনমার্কের বিপক্ষে খেলতে পারেননি পল পগবা, করিম বেনজেমা, উগো লরিসরা। দ্বিতীয়ার্ধে অলিভিয়ের জিরু আর আঁতোয়ান গ্রিজমানকে বদলিও করা হয়। হজম করা দুটি গোলই অবশ্য প্রথমার্ধের। ৩৩ মিনিটে ক্যাসপার ডলবার্গের গোলের ৬ মিনিট পর স্কভ ওলসেন ব্যবধান দ্বিগুণ করেন।
তবে বিশ্বকাপের আগে নেশনস লিগের এই হারে অবশ্য চিন্তিত নন ফ্রান্স কোচ, ‘বিশ্বকাপ নিয়ে আমি দুশ্চিন্তা করছি না। তত দিনে চোটে থাকা খেলোয়াড়দের আমরা ফিরে পাব। আবার এমনটাও ভাবছি না যে অন্যদের তুলনায় আমরা শক্তিশালী। আমরা জানি, কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।’
নেশনস লিগে ফ্রান্সের হারের রাতে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। ভার্জিল ফন ডাইকের একমাত্র গোলে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে হারিয়েছে ডাচরা। রবার্ট লেভানডফস্কির সহায়তায় ক্যারল ভিডারাস্কির গোলে একই ব্যবধানে পোলিশরা হারিয়েছে ওয়েলসকে।