সব ঢেলে সাজাচ্ছে রিয়াল, আরবেলোয়ার ভাগ্য অনিশ্চিত
চ্যাম্পিয়নস লিগে পরশু রাতে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগ শেষে রিয়াল মাদ্রিদের টিম বাসে কোচ আলভারো আরবেলোয়ার মুখের চাহনিই বলে দিচ্ছিল দলের বর্তমান পরিস্থিতি কেমন। বাকি খেলোয়াড়দের জন্য অপেক্ষায় থাকা এই কোচ বাসের ছাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। তিনি হয়তো বুঝতে পারছিলেন, আলিয়াঞ্জ অ্যারেনায় এই হার কেবল মৌসুমেরই সমাপ্তি নয়, বরং রিয়ালে তিনি যে প্রকল্প গড়ার চেষ্টা করছিলেন তাও শেষ হয়ে গেল।
ম্যাচের পর স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আরবেলোয়া জোর দিয়ে বলেছিলেন, ‘ক্লাব যেকোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব। আমি শুধু সাহায্য করতে এসেছি।’ আরবেলায়ার এমন প্রতিটি কথায়ই ছিল বিদায়ের সুর। এর মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ নিশ্চিত করেছে, আগামী মৌসুমে আরবেলোয়ার রিয়ালের মূল দলের কোচ হিসেবে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে হেরে বিদায়ের পর রিয়াল এখন গভীরভাবে সবকিছু পর্যালোচনা করছে। চলতি মৌসুমের ফলাফল ভুলে আগামী মৌসুমের জন্য দলকে গড়ে তুলতে চায় তারা। সে লক্ষ্যে দলে কোচের পদসহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ক্লাবটি। সেই পরিবর্তনগুলো কেমন হতে পারে সেটাই তুলে ধরেছে ‘এল মুন্দো’।
নতুন কোচ নিয়ে ভাবনা
মৌসুম শেষে আরবেলোয়ার বিদায় অনেকটাই নিশ্চিত। কিন্তু প্রশ্ন হচ্ছে তাঁর বিদায়ের পর কে হতে পারেন রিয়ালের পরবর্তী কোচ? এ প্রসঙ্গে বেশ কিছু নাম ঘুরেফিরে সামনে আসছে—ইয়ুর্গেন ক্লপ, মরিসিও পচেত্তিনো, দিদিয়ের দেশম, লিওনেল স্কালোনি ও জোসে মরিনিও। তবে তাঁরা রিয়ালের জন্য কতটা যুতসই হবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেকেই আগামী বিশ্বকাপে ডাগআউটে থাকবেন, আর রিয়ালও বিশ্বকাপে কোচ এবং খেলোয়াড়দের ওপর তীক্ষ্ণ নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে রিয়াল এমন কোচ চায় যার অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক সফলতাও আছে। একই সঙ্গে বড় তারকাদের নিয়ে গড়া ড্রেসিংরুম সামলানোর ক্ষমতাও থাকতে হবে। জাবি আলোনসোর মতো তুলনামূলক তরুণ বা পরীক্ষামূলকভাবে কোনো কোচকে তারা এই মুহূর্তে দায়িত্ব দিতে চায় না। এই কারণে ইউলিয়ান নাগলসমান কিংবা কোমোর হয়ে সিরি ‘আ’–তে চমক দেখানো সেস্ক ফ্যাব্রেগাসের মতো নামগুলোও আপাতত বাতিলের খাতায়।
যাদের ঘিরে দল
পরপর দুটো বাজে মৌসুম পার করেও রিয়াল মনে করছে, বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের সম্ভাবনা অনেক। ক্লাব মনে করে, গত দুই বছরে আনচেলত্তি, আলোনসো কিংবা আরবেলোয়া এই দল থেকে যতটা সাফল্য আদায় করতে পেরেছেন, স্কোয়াডের সামর্থ্য তার চেয়ে অনেক বেশি। দলের মূল কাঠামোটি এখনো বিশ্বমানের। বর্তমান স্কোয়াডে থিবো কোর্তোয়া, এদের মিলিতাও, অরেলিয়েঁ চুয়ামেনি, ফেদেরিকো ভালভের্দে, আরদা গুলের, জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সামনে এগোতে চায় রিয়াল। এই মুহূর্তে বড় তারকাদের কাউকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই রিয়ালের। তবে দলের শক্তি বাড়াতে রক্ষণে পরীক্ষিত তারকাকে দলে ভেড়াতে পারে তারা।
দলবদল ও সম্ভাব্য পরিবর্তন
দলের মূল মেরুদণ্ড ঠিক থাকলেও বাকি অংশে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কিছু খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত। দাভিদ আলাবা, দানি কারভাহাল এবং আন্তোনিও রুডিগারের চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে। তবে এদের মধ্যে রুডিগারের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই বেশি।
এ ছাড়া দানি সেবায়োস, আসেনসিও ও ফ্রান গার্সিয়ার মতো তারকাদের জন্য বিদায়ের দরজা খুলে দিয়েছে রিয়াল। তাঁরা চাইলে নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন। ধারের মেয়াদ শেষে দলে ফিরে থিতু হতে পারেন এনদ্রিক ও নিকো পাজ। অন্যদিকে ধারে অন্য কোথাও পাঠানো হতে পারে আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে।
তবে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে এদুয়ার্দো কামাভিঙ্গার ভাগ্যে। একসময় ক্লাবের খুব পছন্দের খেলোয়াড় হলেও, সাম্প্রতিক পারফরম্যান্স ও বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে লাল কার্ড পাওয়ার পর তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। একজন মিডফিল্ডার আনার কথা ভাবছে রিয়াল।
মাঠের বাইরে পরিবর্তন
মাঠ কিংবা ডাগআউটের ডামাডোল এখন বার্নাব্যুর অফিসগুলোতেও বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। ক্লাব থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পোর্টিং ডিরেক্টর খোঁজার খবর অস্বীকার করা তার প্রমাণ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এখনো আস্থা রাখছেন জেনারেল ডিরেক্টর হোসে আনহেল সানচেজের ওপর। তবে ক্লাবের অভ্যন্তরীণ পুনর্গঠনে বেশ কিছু বিভাগ বড় পরিবর্তনের মুখে পড়তে পারে।
স্কাউটিং বিভাগের প্রধান ও গত কয়েক বছরে ক্লাবের শক্তিশালী মুখ জুনি কালাফাতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিন হুইসেন, কারেরাস কিংবা মাস্তানতুয়োনোদের মতো সাইনিংগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে তাঁর পদ ও বিভাগ নিয়ে নতুন করে ভাবছে ক্লাব। অন্যদিকে ডিরেক্টর অব ফুটবল সান্তিয়াগো সোলারি, যার প্রভাব বর্তমানে নামমাত্র, তিনিও বিদায় নিতে পারেন। সব মিলিয়ে মাঠের বাইরেও আগামী মৌসুমে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন দেখতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।