নারী রেফারিকে ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা’ বলে বরখাস্ত হিগুয়েইন
মেজর লিগ সকারের (এমএলএস) দল কলম্বাস ক্রু তাদের রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে। এক নারী রেফারির সঙ্গে হাত মেলানোর সময় ফেদেরিকো তাঁকে বলেছেন, ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা।’ পাশাপাশি হাত মেলানোর সময় সেই নারী রেফারির হাত ছাড়তেও রাজি হননি ফেদেরিকো। গতকাল এ খবর জানিয়েছে কলম্বাস ক্রু।
কলম্বাস ক্রুর রিজার্ভ দলের নাম ‘কলম্বাস ক্রু ২’। যুক্তরাষ্ট্রের ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা ‘এমএলএস নেক্সট প্রো’তে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। কলম্বাস ক্রুর মূল দলে আট মৌসুম খেলা ফেদেরিকো তাদের রিজার্ভ দলের কোচের দায়িত্ব নেন গত বছর। সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের অন্য পরিচয়ও আছে। তাঁর বাবা হোর্হে হিগুয়েইনও সাবেক ফুটবলার। আর ছোট ভাই গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলার পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন ফেদেরিকোর বিখ্যাত এই ভাই।
ফেদেরিকো বরখাস্ত হওয়ার আগেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য শাস্তি হিসেবে লাল কার্ড এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান। কলম্বাস ক্রুর জেনারেল ম্যানেজার ইসা তাল বলেন, ‘আমাদের ক্লাব, খেলোয়াড় ও সহকর্মীদের স্বার্থের কথা ভেবেই ফেদেরিকো হিগুয়েইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহের আলোচনা ও গত এক মাসের পর্যালোচনার পর আমরা দেখেছি, দলের একজন অভিভাবকের কাছ থেকে ক্লাবের যে মানের আচরণ প্রত্যাশিত, তিনি তা বজায় রাখতে পারেননি।’
কলম্বাস ক্রুর সূত্রের বরাত দিয়ে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী আলোচনায় হিগুয়েইন ‘নিজের অপরাধ স্বীকার কিংবা অনুশোচনা প্রকাশে রাজি হননি, এমনকি প্রকাশ্যে কোনো ক্ষমাও চাননি’।
‘এমএলএস নেক্সট প্রো’ লিগের একটি ম্যাচে এই ঘটনা ঘটে। গত ২৪ আগস্ট হান্টসভিল সিটির কাছে ১-০ গোলে হারে কলম্বাস ক্রু ২। সেই ম্যাচের পর ফেদেরিকো ওই নারী অফিশিয়ালের সঙ্গে হাত মেলানোর সময় তাঁর হাত ছাড়তে চাননি। একই সঙ্গে সেই অফিশিয়ালকে তিনি তখন ‘লিঙ্গবৈষম্যমূলক’ মন্তব্যও করেন।
রেফারিদের সংগঠনের মতে, ফেদেরিকো হিগুয়েইন ‘নারী অফিশিয়ালের ওপর দুবার উদ্দেশ্যপ্রণোদিত শারীরিক হেনস্তা ও যৌন বিদ্বেষমূলক আচরণ করেছেন। তিনবার বলার পরও তিনি তাঁর হাত চেপে ধরে রেখেছিলেন এবং ছাড়তে চাননি।’
পেশাদার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি ওই অফিশিয়ালকে উদ্দেশ্য করে তিনি (ফেদেরিকো) আপত্তিকর ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যও করেন, “ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা।”’
ফেদেরিকোর দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত নগণ্য’ আখ্যা দিয়ে লিগ কর্তৃপক্ষের কাছে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞার দাবি জানায় এই সংগঠন। তাদের বিবৃতিতে বলা হয়, ‘ফুটবলে প্রতিটি স্তরকে আরও সুন্দর করছেন নারীরা। তা প্রমাণ করতে গিয়ে তাঁদের কোনো ধরনের হেনস্তা বা অপমানজনক মন্তব্যের শিকার হওয়া উচিত নয়। আমাদের নারী রেফারিরা বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অন্য সব রেফারির মতোই সমান সম্মান, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার অধিকার তাঁদের রয়েছে।’
ফেদেরিকো হিগুয়েইনের ক্যারিয়ার
আর্জেন্টাইন ফুটবলে ‘পিপা’ নামে খ্যাতি পেয়েছিলেন ফেদেরিকো। রিভার প্লেটের যুব দলে তাঁর ক্যারিয়ার শুরু। আর্জেন্টিনা ও তুরস্কের ঘরোয়া লিগে খেলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফুটবলেও কলম্বাস ক্রু, ডি সি ইউনাইটেড ও ইন্টার মায়ামিতে খেলেছেন ফেদেরিকো। ২০২১ সালে অবসর নেওয়ার পরের বছর ইন্টার মায়ামির রিজার্ভ দলের দলের দায়িত্ব নেন। ৪১ বছর বয়সী ফেদেরিকো কখনো আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পাননি।