এমবাপ্পেকে ‘দুই গুণ’ ‘তিন গুণ’ গোলের প্রলোভন বেনজেমার
কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ কী—ফরাসি স্ট্রাইকার কি পিএসজিতেই থেকে যাবেন, নাকি পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদে? এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে প্রায় প্রতিদিনই খবর আসে। খবরগুলোর সবই প্রায় গুঞ্জনধর্মী। গত পরশু ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে লরিয়াঁকে হারিয়ে এমবাপ্পে নিজেই একটি বার্তা দিয়েছেন। ৫–১ গোলে জেতা ওই ম্যাচে নেইমার ও এমবাপ্পে করেছেন জোড়া গোল। অন্য গোলটি লিওনেল মেসির। ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ত্রিমূর্তির পিএসজির হয়ে গোল করার শেষ এটিই নয়!
এমবাপ্পের এ কথা শোনার পর ফুটবল বিশ্বে আলোচনা চলছে—ফরাসি তারকা পুরোপুরি উল্টো ঘুরে দাঁড়িয়েছেন। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ এ মৌসুমের শেষ পর্যন্ত। এখনো তিনি প্যারিসের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি বলে ফুটবল বিশ্বে গুঞ্জন—এমবাপ্পে রিয়ালেই নাম লেখাতে যাচ্ছেন। কিন্তু তাঁর কণ্ঠে নতুন কথা শোনার পর এখন অন্য গুঞ্জন চলছে—পিএসজির সঙ্গে শিগগিরই হয়তো নতুন চুক্তি করবেন এমবাপ্পে।
এই আলোচনার মধ্যেই এমবাপ্পের স্বদেশি–সতীর্থ রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা তাঁকে রিয়ালে নাম লেখানোর জন্য প্রলুব্ধ করে যাচ্ছেন। এমবাপ্পে রিয়ালে নাম লেখানো দুজনে মিলে ভয়ংকর এক স্ট্রাইকিং জুটি গড়তে পারবেন বলেই মনে করেন বেনজেমা। এখন এমবাপ্পে আর তিনি যে পরিমাণ গোল পাচ্ছেন, একসঙ্গে খেললে দুজনেই এর চেয়ে দ্বিগুণ বা তিন গুণ গোল পাবেন বলেও এমবাপ্পেকে লোভ দেখাচ্ছেন বেনজেমা।
চলতি মৌসুমে পিএসজির জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৮ গোল করেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করা বেনজেমা তাঁর ফ্রান্স দলের সতীর্থের রিয়ালের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘আমি প্রায়ই এটা (এমবাপ্পেকে রিয়ালে চাওয়ার কথা) বলি। জাতীয় দলে আমি ওর সঙ্গে খেলতে ভালোবাসি। ক্লাব ফুটবলেও ওর সঙ্গে খেলতে আমার ভালো লাগবে। আমার বিশ্বাস, একসঙ্গে খেললে আমাদের দুজনেই দ্বিগুণ গোল করতে পারব। এমনকি আমাদের তিন গুণ গোল পাওয়াও সম্ভব।’
দুজন একসঙ্গে খেললে তাঁদের গোল কেন বা কীভাবে বাড়বে, এই ব্যাখ্যাও দিয়েছেন বেনজেমা, ‘জাতীয় দলে এমবাপ্পের সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো। আমরা দুজনেই জানি, কে কখন কী করব। উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা দুজনেই বাঁ দিকে খেলতে পছন্দ করি। কিন্তু একই সঙ্গে কখনোই দুজন বাঁ প্রান্তে থাকব না।’