পারলেন না জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন জিতে উল্টো আলকারাজের ইতিহাস

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কার্লোস আলকারাজএএফপি

এবারও ‘২৫’ হলো না নোভাক জোকোভিচের। সার্বিয়ান মহাতারকা পারলেন না ইতিহাস গড়তে। জোকোভিচ পারলেন না মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা হতে।

তাঁকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে উল্টো ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। অধরা অস্ট্রেলিয়ান ওপেনও জয় করে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেই রেকর্ড গড়েছেন স্প্যানিশ তারকা। স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার স্লাম পূর্ণ করলেন ২২ বছর বয়সী আলকারাজ।

সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ এর আগে দুবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন।

মহাকাব্যিক দুই সেমিফাইনাল জিতেই ফাইনালে উঠেছিলেন আলকারাজ ও জোকোভিচ। তবে ফাইনালটা প্রত্যাশা মেটাতে পারেনি। একটি–দুটি ব্রেক পয়েন্ট পেলেও যার যার সার্ভিস ধরে রেখেছিলেন দুজনই।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল ৩৮ বছর বয়সী জোকোভিচের। প্রথম সেটটা ৩৩ মিনিটেই ৬-২ গেমে জিতে নিয়েছিলেন গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা পুরুষ খেলোয়াড়। দ্বিতীয় সেটে হয় উল্টোটা। এবার ৩৬ মিনিটে ৬-২ গেমে জিতে সমতা ফেরান আলকারাজ।

ম্যাচ শেষে কার্লোস আলকারাজকে অভিনন্দন জানাচ্ছেন নোভাক জোকোভিচ
এএফপি

তৃতীয় সেটের স্কোরটা ভুল বোঝাতে যথেষ্ট। আলকারাজ জিতেছেন ৬-৩ গেমে। তবে ৫১ মিনিট স্থায়ী সেটটায় প্রতিটি পয়েন্ট নিতেই লড়াই করতে হয়েছে তাঁকে। শেষ গেমে তো চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন জোকোভিচ।

আরও পড়ুন

শেষ সেটটাই হয়েছে সবচেয়ে লম্বা। ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ১২ নম্বর গেমেই প্রথম সার্ভিস ব্রেক করতে পারেন কেউ। আর তাতেই সেটটি ৭-৫ গেমে জিতে প্রথমবার নরমান ব্রুকস কাপ হাতে তুললেন আলকারাজ। আর প্রথমবার রড লেভার অ্যারেনায় ফাইনালে উঠেও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারলেন না রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। কেন রোজওয়ালের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও আপাতত গড়া হলো না জোকোভিচের।

আরও পড়ুন