সফল উদ্যোক্তা হওয়ার দিকনির্দেশনা পেলেন ফ্রিল্যান্সাররা

সম্মেলনে অংশ নেওয়া ফ্রিল্যান্সারদের একাংশপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের বৃষ্টিভেজা সকালে রাজধানীর ৩০০ ফুটের রাস্তার পাশে লম্বা লাইন। কেউ এসেছেন সিলেট থেকে, কেউ সিরাজগঞ্জ বা রাজশাহী থেকে। সবাই ফ্রিল্যান্সার। সারা দেশ থেকে তাঁরা এসেছেন আজ শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ‘ন্যাশনাল ফ্রিল্যান্সারস কনফারেন্স ২০২৩’-এ অংশ নিতে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগেই সকাল নয়টার শুরু হয় ফ্রিল্যান্সার সম্মেলন। পরে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এরপরেই শুরু হয় গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইওসহ নানা বিষয়ে প্যানেল আলোচনা। এসব আলোচনায় নতুন ফ্রিল্যান্সারদের সফল হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হওয়ার দিকনির্দেশনাও দেন বক্তারা।

সম্মেলনকেন্দ্রে ঘুরতে ঘুরতে কথা হয় নওগাঁ থেকে আসা ফ্রিল্যান্সার সোয়াইবুল ইসলাম সঙ্গে। সম্মেলনে সফল ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে প্রতি মাসে ৫ থেকে ৭ হাজার ডলার আয় করি। তবে নাটোর থেকে ফ্রিল্যান্সিং করতে বেশ সমস্যা হয়। সম্মেলনে এসে জানতে পেরেছি কীভাবে আরও ভালোভাবে ফ্রিল্যান্সিং করা যায়। সবার সঙ্গে কথা বলে নতুন বেশ কিছু বিষয়ে শিখেছি, এর ফলে আমার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে।’

একই ধরনের অভিজ্ঞতা হয়েছে সম্মাননা পাওয়া অপর ফ্রিল্যান্সার সিলেটের মাহমুদুল হাসানের। তিনি বলেন, ‘সম্মেলনে আমরা দেশের বিভিন্ন প্রান্তে থাকা ফ্রিল্যান্সারদের সঙ্গে দেখা করা সুযোগ পেয়েছি। ফ্রিল্যান্সিং কাজ নিয়ে আলোচনাও করেছি। ফলে আমাদের অভিজ্ঞতা আরও বেড়েছে।’

আরও পড়ুন

সম্মেলনের আহ্বায়ক ফয়সাল মুস্তাফা বলেন, ‘ফ্রিল্যান্সাররা সব সময় ঘরে বসে কাজ করেন, তাঁদের একে অপরের সঙ্গে দেখা হওয়া, অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ বাড়ানো ইত্যাদি বিষয় মাথায় রেখেই আমরা এই আয়োজন করেছি।’

সম্মেলনের অন্যতম আয়োজক রিফাত এম হক বলেন, ‘দেশের ৬৪ জেলা থেকেই দেশসেরা ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও সফল উদ্যোক্তারা এ সম্মেলনে অংশ নিয়েছেন।’

অতিথির বক্তব্যে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান বলেন, ‘তরুণদের হাতে দেশকে এগিয়ে নেওয়ার মশাল। এ জন্য ঘরে বসে থাকলে হবে না, কাজ শুরু করে দিতে হবে। কাজ করলে অনেক বাধা আসবে। সেই বাধা থেকে আমাদের শিখতে হবে। কোনো কিছু না জানলে আমাদের জানতে চাইতে হবে। জানতে চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই।’

আরও পড়ুন

আলোচনা সেশনগুলোতে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, ওমেন ইন ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তার, পাঠাওয়ের প্রতিষ্ঠাতা হুসাইন এম ইলিয়াস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, পেওনিয়ারের জ্যেষ্ঠ ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক নাফিউর রহমান, আপওয়ার্কের লিড জেনারেশন ব্যবস্থাপক সাইদুর মামুন খান প্রমুখ।

আরও পড়ুন

ফ্রিল্যান্সার সম্মেলনে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল প্রথম আলো, বেসিস, বাক্কো, বিএফডিএস, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। পৃষ্ঠপোষকতা করেছে জেপটো অ্যাপস, মনস্টারক্ল লিমিটেড, বিজনেস গ্লোবালাইজার, উইন্ডডটঅ্যাপ, টেক্সা জিনি, ডায়ানা হোস্ট লিমিটেড, ট্যাপওয়ান, পিক্সেলিন, কাজি অ্যান্ড কাজি টি এবং জিল ক্যাফে।