৩০ সেপ্টেম্বর সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট হবে

বিআইজেএফ লোগোসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে তিন প্রার্থীর মধ্যে নাজনীন নাহার বেগম (মাসিক টেকওয়ার্ল্ড) ও মো. জাকির হাসান (দৈনিক সমকাল) ২৫টি করে ভোট পেয়েছেন। এই অবস্থায় আজ রোববার বিআইজেএফ নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের বিশেষ যৌথ সভায় সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বরের নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫০জন ভোট দেন।

আরও পড়ুন

নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বিকেলে বিআইজেএফ কার্যালয়ে নির্বাচন কমিশনের সদস্য এ আর এম মাহমুদ হোসেন ও পল্লব মোহাইমেন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময়ে সভাপতি পদে ফলাফল স্থগিত বলা হয়। এর পরই ৩০ সেপ্টেম্বর সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত জানান তাঁরা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্নির্বাচনে নাজনীন নাহার বেগম ও মো. জাকির হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজধানীর কারওয়ান বাজারে ভিশন ২০২১ টাওয়ারের সম্মেলনকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় ভোট গ্রহণের পরও যদি দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পান, তবে নির্বাচন কমিশন দুই প্রার্থী বা তাঁদের প্রতিনিধির উপস্থিতিতে লটারির আয়োজন করবে।লটারিতে বিজয়ী প্রার্থীকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হবে।

আরও পড়ুন

চূড়ান্ত ফলাফলে ২৩ সেপ্টেম্বর বিআইজেএফের নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়ে। কমিটির নয়টি পদের মধ্যে আটটি পদে বিজয়ীরা হলেন সহসভাপতি ভূঁইয়া মোহাম্মদ ইনাম (কমপিউটার বিচিত্রা), সাধারণ সম্পাদক এ কে এম সাব্বিন হাসান কবির (বার্তা২৪ ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (নতুন সময়), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম (বিজটেক ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম (ঢাকাপোস্ট ডটকম), প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান (ঢাকামেইল ডটকম) এবং নির্বাহী সদস্য এস এম ইমদাদুল হক (ডিজিবাংলা) ও মো. এনামুল করিম (ডিজিটাল সময়)।