নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা লাইভ করা সেই যাত্রীর লাশের অপেক্ষায় পরিবার
‘সে শুধু আমার ভাই ছিল না, আমি যেন একজন বন্ধুকেও হারালাম।’ কথাগুলো বলছিলেন দীপক জইসওয়াল। তিনি নেপালের পোখারায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত সোনু জইসওয়ালের ভাই। গত রোববার ওই দুর্ঘটনার পর এখনো তাঁর মরদেহ বুঝে পাননি ভারতে অবস্থান করা ভাই দীপক। তিনি বলেন, এই অপেক্ষাটা অনেক কষ্টের।
সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত সোনুর বয়স ২৫ বছর। তিনি ভারতের নাগরিক। দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইনসের ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন তিনি। তিন বন্ধুকে নিয়ে সেদিন পোখারা ভ্রমণে যাচ্ছিলেন। এর আগে কাঠমান্ডুর পুষ্পাতিনাথ মন্দিরে গিয়েছিলেন। হিন্দু দেবতা শিবের ওই মন্দিরে পুত্রসন্তান লাভের আশায় প্রার্থনা করার কথা ছিল সোনুর।
উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ার ঠিক আগমুহূর্তে ফেসবুকে লাইভ করছিলেন সোনু। ওই লাইভ ভিডিও এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। ৯০ সেকেন্ডের মর্মান্তিক ওই ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখাচ্ছেন সোনু। একপর্যায়ে তাঁর হাস্যোজ্জ্বল চেহারা দেখা যায় ভিডিওতে। এরপর হঠাৎ শোনা যায় উড়োজাহাজের অন্য যাত্রীদের আর্তচিৎকার। সঙ্গে সঙ্গে ক্যামেরায় সবকিছু ঝাপসা হয়ে আসে। সবশেষে ভিডিওতে ধরা পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা আর ধোঁয়া।
দুর্ঘটনার কয়েক মিনিট পর টিভি চ্যানেলগুলোতে খবর পৌঁছে যায়। আসতে থাকে একের পর এক সংবাদ। সেখান থেকে সোনুর পরিবারও উড়োজাহাজ বিধ্বস্তের খবর পেয়েছিল। তবে এ ঘটনা প্রথম প্রথম মেনে নিতে পারেনি তারা। অপেক্ষায় ছিল—হয়তো সোনুর বেঁচে থাকার খবর আসবে।
তবে রোববার সন্ধ্যা নাগাদ সবকিছু পরিষ্কার হয়ে যায়। সোনুর লাইভ ভিডিওটি চোখে পড়ে ভাই দীপকের। দীপক বলেন, ‘ভিডিওটি না দেখা পর্যন্ত খবরগুলো আমাদের বিশ্বাসই হচ্ছিল না। ভিডিওটি দেখতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিল।’
এদিকে সোনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরদিন সোমবার ভারত থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেন তাঁর বাবা রাজেন্দ্র প্রসাদ জইসওয়াল। সোনুসহ তিন সন্তানের বাবা তিনি। কাজ করেন উত্তর প্রদেশের গাজীপুর জেলার আলাওয়ালপুর আফগা গ্রামের একটি মদের দোকানে। গাজীপুরেই বসবাস তাঁদের।
নেপালে প্রায়ই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে থাকে। তবে রোববার ঘটে যাওয়া দুর্ঘটনাটি ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। উড়োজাহাজটিতে ৭২ আরোহী ছিলেন। এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টেক বাহাদুর কেসি নামের পোখারার একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘জীবিত কাউকে উদ্ধার করার আর কোনো আশা নেই। তবুও উদ্ধারকাজ চলছে।’