যেভাবে চীনা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী হন কেছিয়াং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেছিয়াং
ফাইল ছবি: রয়টার্স

লি কেছিয়াং—চীনের সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান একজন রাজনীতিক। বছর দেড়েক আগেও দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পর চীনা কমিউনিস্ট পার্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু সেই প্রভাব তাঁর থাকেনি। দল ও সরকারপ্রধানের পদ দুটোই ছাড়তে হয় কেছিয়াংকে।

চীনের সাবেক এই প্রধানমন্ত্রী ৬৮ বছর বয়সে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে মধ্যরাতে সাংহাইতে মারা যান কেছিয়াং। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী কেছিয়াংয়ের মৃত্যুর খবর প্রচার করা হয়েছে।

কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে যাঁরা থাকেন, তাঁরা প্রত্যেকেই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অনুগত বলে ধরা হয়। লি কেছিয়াংকে দলের সর্বশেষ সম্মেলনে পলিটব্যুরোতে রাখা হয়নি। ধারণা করা হয়, সি চিন পিংয়ের সঙ্গে কেছিয়াংয়ের দূরত্ব তৈরি হয়েছিল। এর জেরে রাজনীতি থেকে অবসরে যেতে হয় কেছিয়াংকে।

চীনের অর্থনৈতিক উত্থানে লি কেছিয়াংয়ের বিশেষ অবদান রয়েছে। পেশাদার রাজনীতিক ও প্রশিক্ষণপ্রাপ্ত অর্থনীতিবিদ কেছিয়াং তাঁর বাস্তববাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের জন্য জনপ্রিয়। দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করা, ধনী–গরিবের সম্পদের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ, সাশ্রয়ী দামে আবাসনের ব্যবস্থা করাসহ নানা নীতির কারণে খ্যাতি পান তিনি।

চীনের অর্থনৈতিক উত্থানে কেছিয়াংয়ের বিশেষ অবদান রয়েছে। পেশাদার রাজনীতিক ও প্রশিক্ষণপ্রাপ্ত অর্থনীতিবিদ কেছিয়াং তাঁর বাস্তববাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের জন্য জনপ্রিয়। দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করা, ধনী–গরিবের সম্পদের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ, সাশ্রয়ী দামে আবাসনের ব্যবস্থা করাসহ নানা নীতির কারণে খ্যাতি পান তিনি।

১৯৫৫ সালের জুলাইয়ে, চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের দিনগুয়ানে কেছিয়াংয়ের জন্ম। বাবা ছিলেন স্থানীয় একজন কর্মকর্তা। কিশোর বয়সে চীনের ঐতিহাসিক সাংস্কৃতিক বিপ্লব প্রত্যক্ষ করেন তিনি। ওই সময় চীনের শহুরে তরুণদের দলে দলে গ্রামে পাঠানো হয়েছিল। কৃষিতে নিয়োগ করা হয়েছিল। সেই অভিজ্ঞতা কেছিয়াংয়ের রয়েছে।

স্কুল–কলেজের পড়াশোনা শেষে কেছিয়াং পিকিং বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন। ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি। সাবলীলভাবে ইংরেজি বলতে পারেন কেছিয়াং। ইংরেজি থেকে চীনা ভাষায় আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি অনুবাদ করেছেন তিনি।

পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন কেছিয়াং। তাঁর গবেষণার বিষয়, চীনা অর্থনীতির কাঠামো। এই গবেষণার জন্য অর্থনীতিতে সর্বোচ্চ সন্মানজনক সান ইয়েফাং পুরস্কার পেয়েছেন তিনি।  

আরও পড়ুন

লি কেছিয়াংয়ের রাজনৈতিক জীবনের শুরু কমিউনিস্ট পার্টির তরুণ আন্দোলনের মধ্য দিয়ে। পিকিং ইউনিভার্সিটিতে ১৯৮২ সালে চীনা কমিউনিস্ট ইউথ লিগের (সিসিওয়াইএল) সম্পাদক নির্বাচিত হন তিনি। পরের বছর সিসিওয়াইএলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হন কেছিয়াং। ১০ বছর পর সংগঠনের প্রথম সম্পাদকের পদ পান।  

ওই সময় হু জিন তাওয়ের নেতৃত্বে কাজ করেছেন কেছিয়াং। হু জিনতাও পরবর্তী সময়ে চীনের প্রেসিডেন্ট হন। কমিউনিস্ট পার্টির প্রভাবশালী রাজনীতিক ছিলেন হু জিনতাও।

লি কেছিয়াংয়ের রাজনৈতিক জীবনের শুরু চীনা কমিউনিস্ট পার্টির তরুণ আন্দোলনের মধ্য দিয়ে। পিকিং ইউনিভার্সিটিতে ১৯৮২ সালে চীনা কমিউনিস্ট ইউথ লিগের (সিসিওয়াইএল) সম্পাদক নির্বাচিত হন তিনি। পরের বছর সিসিওয়াইএলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হন কেছিয়াং। ১০ বছর পর সংগঠনের প্রথম সম্পাদকের পদ পান।  

জুলাই ১৯৯৮, হেনান প্রদেশের গভর্নর হন কেছিয়াং। তিনি ছিলেন চীনের সবচেয়ে তরুণ প্রাদেশিক প্রধান। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেছিয়াং প্রাদেশিক কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন। ওই সময় প্রদেশটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে।

২০০৪ সালের ডিসেম্বরে পার্টির সেক্রেটারি হিসেবে কেছিয়াংকে উত্তর–পূর্বাঞ্চলের লিয়াওনিংয়ে পাঠানো হয়। এর পর থেকে তিনি ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ও পরিচিত হতে শুরু করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্যের কারণে তিনি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নেন।

আরও পড়ুন

২০০৭ সালের অক্টোবরে পার্টির পলিটব্যুরোর সদস্য কেছিয়াং। পরের বছরের মার্চে হন চীনের উপপ্রধানমন্ত্রী। তাঁকে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের উত্তরসূরি বিবেচনা করা হতো। কিন্তু চীনের রাজনীতির কেন্দ্রে উঠে আসেন সি চিন পিং। তাঁর প্রশাসনে ২০১৩ সালের মার্চে দেশের প্রধানমন্ত্রী করা হয় কেছিয়াংকে।

সরকারপ্রধান হয়ে অর্থনৈতিক সংস্কারে হাত দেন কেছিয়াং। ঋণনির্ভর সমৃদ্ধ অর্থনীতি থেকে বেরিয়ে আসা ছিল তাঁর লক্ষ্য। এর বদলে স্বনির্ভর ও টেকসই সমৃদ্ধির স্বপ্ন দেখেছিলেন তিনি। তাঁর এ অর্থনৈতিক সংস্কার ‘লিকোনোমিক্স’ নামে পরিচিতি পায়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং (বাঁয়ে) ও সাবেক প্রধানমন্ত্রী লি কেছিয়াং
ফাইল ছবি: রয়টার্স

২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কেছিয়াং। কিন্তু কমিউনিস্ট পার্টি ও সরকারে সি চিন পিংয়ের উত্থান যত উজ্জ্বল হতে থাকে, ততই ফিকে হতে থাকে কেছিয়াংয়ের প্রভাব। ২০২২ সালে কমিউনিস্ট পার্টির সম্মেলনে যখন সি চিন পিং যখন পলিটব্যুরোর নতুন সদস্যদের নাম ঘোষণা করেন, সে তালিকায় কেছিয়াংয়ের নাম ছিলেন না।

আরও পড়ুন

গত বছরই কমিউনিস্ট পার্টির রাজনীতি থেকে সরে যান কেছিয়াং। আর চলতি বছর ছাড়েন প্রধানমন্ত্রীর পদ। এর মধ্য দিয়ে মাঠের রাজনীতি থেকে উঠে আসা এক সরকারপ্রধানের নীরব বিদায়ের সাক্ষী হয় চীনের মানুষ। আর এখন অনেকটা নীরবেই চিরবিদায় নিলেন বর্ষীয়ান রাজনীতিক ও অর্থনীতিবিদ লি কেছিয়াং।

আরও পড়ুন