সুইজারল্যান্ডের রাজপথে পুরুষদের বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুইজারল্যান্ড। রাজধানী বার্নের রাজপথে কয়েক শ পুরুষ বিক্ষোভ করেছেন। নারীর প্রতি বিদ্বেষ দূর করা ও সহিংসতা বন্ধের দাবিতে তাঁদের এ বিক্ষোভ। বিক্ষোভকারীদের আহ্বান, এ বিষয়ে পুরুষদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সুইজারল্যান্ডের পার্লামেন্টের সামনে স্থানীয় সময় শনিবার ‘নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দেশটিতে কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীর প্রতি বিদ্বেষমূলক প্রবণতা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এমন উদ্বেগ সামনে রেখে পাল্টামতবাদ গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকে রাজপথে বিক্ষোভ হয়েছে।
নারীদের প্রতি এমন বিদ্বেষমূলক মনোভাব গড়ে উঠতে ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’–এর ভূমিকা আছে। এটা এমন একটি অনলাইন ফোরাম, যা পুরুষ আধিপত্য এবং নারীদের প্রতি বিদ্বেষকে উসকে দেয়।
বিক্ষোভের অন্যতম আয়োজক ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টফ গোস্তেলি বলেন, ‘নারী ও সমকামীদের প্রতি সহিংস আচরণের যে সমস্যা বিদ্যমান, তার মূলে আমরা পুরুষেরা। এ কারণে আমাদের প্রতিবাদ জানানো দরকার। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না। সমাধানের অংশ হতে চাই।’
‘ম্যানার’ নামের একটি সংগঠনের সঙ্গে মিলে এ বিক্ষোভের আয়োজন করেছেন ক্রিস্টফ গোস্তেলি।
জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও বাবাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ম্যানকেয়ার’ গত জুনে একটি জরিপ প্রকাশ করেছে। এতে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের অর্ধেকই পৌরুষ সম্পর্কে কঠোর ও আধিপত্যের ধারণা পোষণ করেন। তাঁদের ধারণা, প্রকৃত পুরুষেরা ক্রমেই সমাজে গুরুত্ব হারাচ্ছেন।
জরিপে আরও বলা হয়েছে, সহিংসতাকে উসকে দেয়—এমন পুরুষতান্ত্রিক ধারণার বিরুদ্ধে সমাজের সব পর্যায়েই আলোচনা হওয়া জরুরি। আর এ আলোচনা শুরু করতে হবে বিদ্যালয় থেকে।
সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট জেনস চলতি মাসের শুরুতে নারীদের ওপর অনলাইন সহিংসতার ঝুঁকি নিয়ে একটি সম্মেলনে অংশ নেন। ২ নভেম্বর তিনি বলেন, সুইজারল্যান্ডে সংঘটিত সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটি পুরুষেরা করে থাকেন। ধর্ষণের ক্ষেত্রে এ হার ৯৯ শতাংশ পর্যন্ত।
বিচারমন্ত্রী আরও বলেন, ‘সব পুরুষ এমন নন। তবে আমাদের এটা স্বীকার করতে হবে, প্রায় সব ক্ষেত্রেই অপরাধের সঙ্গে পুরুষেরা জড়িত।’
বিচারমন্ত্রী আরও বলেন, পুরুষের সহিংস আচরণ কাউকে অপমান বা হেয় ও আঘাত করার মধ্য দিয়ে শুরু হয়। এমন সহিংসতা বন্ধে সব পুরুষের দায়িত্ব রয়েছে।