নিপ্রোতে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২৩
ইউক্রেনজুড়ে আবার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সবচেয়ে বড় হামলাটি চালানো হয় দেশটির পূর্বাঞ্চলের নিপ্রো শহরে। সেখানকার একটি আবাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জন হয়েছে।
স্থানীয় সময় গতকাল শনিবার এসব হামলা চালায় রাশিয়ার বাহিনী। নিপ্রো ছাড়াও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে রাজধানী কিয়েভ, খারকিভ, ওডেসা ও আরও বেশ কয়েকটি শহরে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের বেশির ভাগ এলাকা এখন অন্ধকারে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কের সোলেদার শহরের এখনো দুপক্ষের লড়াই চলছে বলে জানিয়েছে ইউক্রেন। আজ দেশটির আঞ্চলিক গভর্নরের কার্যালয় জানায়, ‘সোলেদার দখল করে নেওয়া হয়েছে বলে মস্কোর দাবি সঠিক নয়। সেখানে এখনো দুপক্ষ লড়ছে।’ ইউক্রেনের এ দাবি যাচাই করতে পারেনি রয়টার্স।
আজ রোববার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারাবাহিক এসব হামলার কথা জানিয়েছে। তবে ইউক্রেনের কোন কোন শহরে রাশিয়ার বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তা জানানো হয়নি। বলা হয়েছে, শুধু ইউক্রেনের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ আল-জাজিরাকে বলা হয়েছে, নিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আবাসিক ভবন ধ্বংস ও বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় রাশিয়া দায়ী নয়। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ভুলবশত সেখানে হামলা চালিয়ে থাকতে পারে।
তবে ইউক্রেন সরকারের দাবি, ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনা। বিশেষত নিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি আবাসিক ভবনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হতাহত হয়েছেন বেসামরিক লোকজন। কয়েক সপ্তাহের মধ্যে এটাই ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী হামলা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ার জেনারেলরা যেভাবে পরিকল্পনা করেছিলেন, ইউক্রেনে এখন পর্যন্ত সবকিছু সেভাবেই চলছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা অন্তত ২৩। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক মানুষ। আজও সেখানে উদ্ধারকাজ চলেছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কের সোলেদার শহরের এখনো দুপক্ষের লড়াই চলছে বলে জানিয়েছে ইউক্রেন। আজ দেশটির আঞ্চলিক গভর্নরের কার্যালয় বলেছে, ‘সোলেদার দখল করে নেওয়া হয়েছে বলে মস্কোর দাবি সঠিক নয়। সেখানে এখনো দুপক্ষ লড়ছে।’ ইউক্রেনের এ দাবি যাচাই করতে পারেনি রয়টার্স।
তবে সোলেদারসহ পুরো ইউক্রেনে যুদ্ধ পরিকল্পনামতো এগোচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রাশিয়ার সম্প্রচারমাধ্যম রোসেয়া-১-এ দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ার জেনারেলরা যেভাবে পরিকল্পনা করেছিলেন, ইউক্রেনে এখন পর্যন্ত সবকিছু সেভাবেই চলছে।’
পুতিন আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের যোদ্ধারা প্রত্যাশার চেয়ে ভালো ফল করবেন।’
কূটনৈতিক বিতণ্ডা
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গতকাল বলেছেন, আগামী মে মাসে ধনী দেশগুলোর জোট জি-৭-এর বৈঠকে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি তুলবেন। রাশিয়ার আগ্রাসনের পরও যাতে বিদ্যমান আন্তর্জাতিক কাঠামো ও আইনের শাসন সমুন্নত থাকে, সেই বিষয়ে তিনি দৃঢ় অবস্থান নেবেন।
তবে ফুমিও কিশিদার এমন মন্তব্যের সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। আজ দিমিত্রি মেদভেদেভ বলেন, ফুমিও কিশিদা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির কাছে নতিস্বীকার করেছেন। তাই তিনি রাশিয়ার বিরুদ্ধে এমন কথা বলছেন। তাঁর (কিশিদা) নিজ পদ ছেড়ে দেওয়া উচিত।