প্রতি মিনিটে ছড়া লিখছে কৃত্রিম বুদ্ধিমত্তার ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই লাইনের ছড়া লিখছে কৃত্রিম বুদ্ধিমত্তার ঘড়ি
ছবি: টুইটার

যাত্রা শুরুর পর থেকেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি। এই চ্যাটবট কোন কোন কাজে লাগানো যায়, সেসব পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন ব্যবহারকারীরা। ভালোবাসা দিবসে অনেকে তো চ্যাটজিপিটি দিয়ে প্রেমপত্রও লিখে নেওয়ার কথা বলেছেন।

এবার চ্যাটজিপিটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ঘড়ি তৈরি করেছেন ডিজাইনার ও ব্লগার ম্যাট ওয়েব। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ঘড়ি দুই লাইনের ছড়া লিখে দিনের প্রতিটি মিনিটকে বর্ণনা করতে পারে।

ঘড়িটির কিছু ছবি টুইটারে দিয়ে ম্যাট ওয়েব লিখেন, ‘আমি আমার বুকশেলফের জন্য একটি এআই ঘড়ি তৈরি করেছি। চ্যাটজিপিটি ব্যবহার করে প্রতি মিনিটে এই ঘড়ি একটি কবিতা (ছড়া) লিখতে পারে। রহস্যজনকভাবে এতে উৎসাহব্যঞ্জক স্পন্দন রয়েছে, যা আমি পুরোপুরি অনুভব করছি।’

পরে আরেকটি টুইটে ওয়েব লিখেছেন, ‘বুকে হাত রেখে বলছি, এ ধরনের প্রেরণামূলক ইতিবাচক বিষয় আমি প্রম্পটে (একধরনের প্রোগ্রামিং) যোগ করিনি! আমি কেবল এর পভে (পয়েন্ট অব ভিউ) ওই কক্ষটির বর্ণনা করেছি।’

ঘড়িটি তৈরির প্রক্রিয়াটি আমেরিকার প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন ওয়েব। তিনি জানান কীভাবে সাদা স্ক্রিনের ওপর লেখা ভেসে ওঠা পুরোনো এই ঘড়িটিকে নতুনভাবে তৈরি করেছেন। ‘রাস্পবেরি পাই’ প্রযুক্তি ব্যবহার করা এই ঘড়িতে আগে শুধু লেখা উঠত।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওয়েব কিছু সময়ের জন্য চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের ভাষার মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান এবং দুটি বিষয়কে যুক্ত করে দেওয়ার বিষয়টি তাঁর মাথায় আসে। এরই ধারাবাহিকতায় ‘প্রম্পট’ দুই লাইনের ছড়া লিখতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দিয়ে থাকে।

এদিকে মুহূর্তেই ওয়েবের টুইট ভাইরাল হয়ে যায়। অনেক ব্যবহারকারী তাৎক্ষণিক ঘড়িটি কেনার ঘোষণা দেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি একটি খুব দুর্দান্ত প্রকল্প! চ্যাটজিপিটিকে এভাবে যুক্ত করা দক্ষ উপায় বটে।’

আরও পড়ুন

আরেকজন লিখেছেন, ‘ঠিক আছে, আমার অর্থ ও চাকরি নিয়ে যাও কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি এটাকে ভালোবাসি।’ আরেক ব্যবহারকারী এই উদ্যোগকে ‘প্রযুক্তির সেরা ব্যবহার’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন