রুশ সেনাদের সামনেই ইউক্রেনীয়দের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ চলছে। বেলজিয়ামের ব্রাসেলসেও আজ হাজারো মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভ করেন
ছবি: এএফপি

ইউক্রেনের বন্দরনগর খেরসনে রাশিয়াবিরোধী বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার রুশ সেনাদের সামনেই এই বিক্ষোভ হয়। বিক্ষোভস্থলের আশপাশে সাঁজোয়া যানসহ রুশ সেনাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত ইউক্রেনের বড় শহরগুলোর মধ্যে খেরসনকে দখলে নিতে পেরেছেন রুশ সেনারা।

বিবিসির খবরে বলা হয়েছে, অন্তত দুই হাজার মানুষ শহরের আঞ্চলিক প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের ইউক্রেনের জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গাইতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন ‘রুশরা বাড়ি ফিরে যাও’ ও ‘খেরসন ইউক্রেনের’ বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রুশ সেনারা ফাঁকা গুলি ছুড়ছেন।

খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ অভিযোগ করেন, মানবিক সহায়তা নিয়ে আসা ট্রাকগুলোকে শহরে প্রবেশ করতে দিচ্ছেন না রুশ সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিক্ষোভে অংশ নেওয়া ইউক্রেনীয়দের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি তাঁদের নিয়ে গর্ব বোধ করছেন।

খেরসন শহরটি কৃষ্ণসাগর ও দিনিপার নদীতীরবর্তী একটি গুরুত্বপূর্ণ বন্দরনগর। এই সপ্তাহের শুরুতে রুশ সেনারা শহরটি দখল করে নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইয়েভেন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ইউক্রেনীয়দের মুক্তি ও স্বাধীনতার জন্য এই প্রতিবাদ সমাবেশ।

আরও পড়ুন

রুশ সেনাদের কাছ থেকে খেরসন পুনর্দখল নিতে ইউক্রেনের বাহিনী চেষ্টা করছে কি না, এমন প্রশ্নের জবাবে ইয়েভেন বলেন, ‘প্রতি রাতেই আমরা ৬ থেকে ১০টি বিস্ফোরণের শব্দ শুনি। অনেকটা মর্টারের গোলা বিস্ফোরণের মতো এসব শব্দ। আমরা আদতে জানি না কে কার ওপর বোমা ছুড়ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বাইরে না যাওয়ার চেষ্টা করছি। কারণ, রুশ সেনারা গাড়ি থামিয়ে গাড়িতে কী আছে, তা তল্লাশি করছেন। তাঁরা আমাদের সঙ্গে থাকা ফোনের তথ্য যাচাই করে দেখছেন। এমনকি আমরা ইউক্রেনের সেনাদের সাহায্য করছি কি না, সেই বিষয়ে প্রমাণ চাইছেন।’
বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন বলেন, রুশ সেনাদের কাছে ইউক্রেনের অধিকারকর্মীদের একটা তালিকা রয়েছে। ওই তালিকা ধরে অধিকারকর্মীদের আটক করা হচ্ছে।

আরও পড়ুন
স্পেনের বার্সেলোনাতেও আজ রোববার বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ।
ছবি: এএফপি

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তাদের সেনারা বেসামরিক নাগরিকদের মারিউপোল ও ভলনোভাখা শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ‘মানবিক করিডর’ খুলে দিয়েছেন। শহরগুলো ইতিমধ্যে রুশ সেনারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে ইউক্রেন বলছে, রাশিয়া যুদ্ধবিরতি মানছে না। বরং হামলা অব্যাহত রেখেছে। তাই সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ আপাতত পেছানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও রাশিয়ার বাহিনী শনিবার মারিউপোলে গোলাবর্ষণ অব্যাহত রাখে।

ইউক্রেনের আলেক্সান্ডার নামের এক প্রকৌশলী বলেন, ‘আমি এই মুহূর্তে মারিউপোলে অবস্থান করছি। তিন থেকে পাঁচ মিনিট পরপর আমি গোলাবর্ষণের শব্দ পাচ্ছি।’
ইউক্রেনের বন্দরনগর মারিউপোলে প্রায় চার লাখ মানুষের বাস। এটি দখলের রাশিয়ার প্রধান কৌশলগত কারণ, মারিউপোল দখলে নিলে পূর্ব ইউক্রেনের রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী ক্রিমিয়াতে রুশ সেনাদের সঙ্গে যোগ দিতে পারবে।

আরও পড়ুন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। রুশ আগ্রাসন ঠেকাতে পশ্চিমা দেশগুলো নানা রকম নিষেধাজ্ঞা জারি করে চলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বেলারুশ সীমান্তে দুই দফায় বৈঠকে বসেন। তবে দুবারই কোনো রকম সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে। কিয়েভ বলছে, তারা চলতি সপ্তাহে আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা এখনো চলছে। ইসরায়েল, আরব বিশ্বের কয়েকজন নেতা পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। অনেকে সমস্যা নিরসনে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ রোববার ফোনে কথা বলেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এক টুইটে জেলেনস্কি বলেন, ‘চলমান আলোচনার অংশ হিসেবে আমি বাইডেনের সঙ্গে আরেকবার আলোচনা করেছি। ইউক্রেনের নিরাপত্তা, অর্থনৈতিক ইস্যু, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে।’

আধা ঘণ্টার ওই আলোচনার বিষয়ে হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাইডেন তাঁর প্রশাসন ও মিত্রদের সঙ্গে কথা বলেছেন।