সঙ্গীকে খুনের পর লাশ ফ্রিজে রেখে বিয়ের পিঁড়িতে যুবক
সময়টা ভালো কাটছিল না দিল্লির তরুণী নিক্কি যাদবের। সঙ্গী সাহিল গেহলটের সঙ্গে ঝগড়া, মনোমালিন্য, রাগারাগি লেগেই ছিল। রাগের মাথায় গাড়ির ভেতর ডাটা কেব্ল পেঁচিয়ে শ্বাসরোধে নিক্কিকে হত্যা করেন সাহিল। পরে ফ্রিজের ভেতর লাশ লুকিয়ে রাখেন। শুধু তা–ই নয়, নিক্কিকে হত্যার দিন আরেকটি মেয়েকে বিয়েও করেন তিনি।
নিক্কিকে হত্যা অভিযোগে গতকাল মঙ্গলবার সাহিলকে আটক করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিক্কির বয়স ২৩ বছর। আর ফার্মেসিতে স্নাতক শেষ করা সাহিলের বয়স ২৪ বছর। ২০১৮ সালে তাঁদের পরিচয়। এর পর প্রেমের সম্পর্কে জড়ান দুজনে। দিল্লিতে লিভ ইন (বিবাহ না করে একসঙ্গে বসবাস) করতেন দুজনে। সম্পর্ক ভালো যাচ্ছিল না তাঁদের।
গত ১০ ফেব্রুয়ারি গাড়িতে বসেই ঝগড়া হচ্ছিল নিক্কি–সাহিলের। একপর্যায়ে রাগের মাথায় পাশে থাকা ডাটা কেব্ল হাতে তুলে নেন সাহিল। সেটা নিক্কির গলা পেঁচিয়ে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে নিক্কির মৃত্যু হয়। পরে পশ্চিম দিল্লিতে নিজেদের ধাবায় নিয়ে ফ্রিজের ভেতর ভরে রাখেন নিক্কির মরদেহ। এরপর সেদিনই এক তরুণীকে বিয়ে করেন সাহিল।
নিক্কির খোঁজ না পেয়ে স্থানীয় থানা–পুলিশের কাছে অভিযোগ জানায় তাঁর পরিবারের সদস্যরা। পরে নিক্কির সন্ধানে নামে দিল্লি পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় সাহিলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিক্কিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন তিনি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশকে নিক্কির মরদেহের সন্ধান দেন সাহিল। হত্যাকারী সাহিলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিক্কির মরদেহ উদ্ধার বরে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, অনেক আগেই সাহিলের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেটা নিক্কি জানতেন না। পরবর্তী সময়ে তা জানতে পেরে দুজনের সম্পর্কে ফাটল দেখা দেয়। ঝগড়া, মনোমালিন্য নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। যার পরিণতি এই হত্যাকাণ্ড।
গত বছরের গত মে মাসে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামে এক নারী হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালাকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে পুলিশ। শ্রদ্ধা ওয়াকারকে হত্যার পর মরদেহ কেটে ৩৫ খণ্ড করে পাশের জঙ্গলে ফেলে দিয়েছিলেন আফতাব। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এই ঘটনা ভারতজুড়ে বেশ শোরগোল ফেলেছিল।