কংগ্রেস সভাপতির ডাকা বৈঠকে যোগ দিল তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের ডাকা বৈঠকে বিভিন্ন বিরোধী দলের নেতারা যোগ দেন
ছবি: কংগ্রেসের টুইটার

ভারতে গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিরোধী ঐক্য স্থাপনে কংগ্রেস সভাপতির ডাকা বৈঠকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য।

আজ সোমবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের ডাকা এই বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় ও জহর সরকার। খাগড়ের ডাকা বৈঠকে এই দুজনের উপস্থিতি বিরোধী ঐক্যের সম্ভাবনাকে কিছুটা জোরালো করে তুলেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজের প্রতিবাদে তাঁর দলসহ অনেক বিরোধী নেতা আজ কালো পোশাক পরে সংসদ ভবনে আসেন। সংসদের দুই কক্ষের অধিবেশন সকালেই মুলতবি হয়ে যায়। লোকসভা বিকেল চারটা পর্যন্ত, রাজ্যসভা বেলা দুইটা পর্যন্ত স্থগিত রাখা হয়।

আরও পড়ুন

রাহুলের সংসদ সদস্যপদ খারিজের সিদ্ধান্ত বিরোধীদের বেশ কিছুটা কাছাকাছি এনে দিয়েছে। এ নিয়ে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও বিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও কড়া ভাষায় টুইট করেছেন। তাঁরা রাহুলের সংসদ সদস্যপদ কেড়ে নেওয়ার প্রতিবাদই শুধু জানাননি, বিজেপি সরকারের ‘স্বৈরতান্ত্রিক’ মনোভাবের বিরুদ্ধেও কঠোর মন্তব্য করেছেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য রাহুলের নাম নেননি। তবে তিনি গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি সরকারের ‘স্বেচ্ছাচারিতার’ তীব্র সমালোচনা করেছেন।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও তাঁর সাম্প্রতিক মনোভাব থেকে অনেকটা সরে এসেছেন।

আজ খাড়গের ডাকা বৈঠকে কংগ্রেসসহ মোট ১৭ দলের নেতারা যোগ দেন। অন্য দলগুলো হলো—ডিএমকে, জেডিইউ, এসপি, বিআরএস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, আরজেডি, এনসিপি, সিপিআই, আইএমইউএল, এমডিএমকে, কেরালা কংগ্রেস, আরএসপি, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স ও শিবসেনা (উদ্ধব)।

আম আদমি পার্টি ও বিআরএসের নেতারা ‘আদানি-কাণ্ডের’ তদন্তের দাবিতে কংগ্রেসের পাশে আগেও উপস্থিত থেকেছেন। তবে তৃণমূল কংগ্রেস তা করেনি। তারা ‘বিজেপি ও কংগ্রেস থেকে সমদূরত্ব’ বজায় রাখার নীতি নিয়ে নিজেদের মতো করে আন্দোলন করেছে। সে অর্থে আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যকে পাঠানোর বিষয়টি দলটির দিক থেকে একটা ইঙ্গিত বহন করে। খাড়গে এই সুযোগে আরও একবার সব বিরোধী নেতাকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন

‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে চার বছর আগে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়। এই মামলায় গত বৃহস্পতিবার রাহুলকে দুই বছরের সাজা দেন আদালত। এর জেরে গত শুক্রবার রাহুলের লোকসভার সদস্য পদ খারিজ হয়।

লোকসভা থেকে রাহুলের অপসারণ আগামী দিনে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ করে তুলবে কি না, তা রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। বিজেপি ও মোদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত রাহুল ও কংগ্রেসের পালে সহানুভূতির কিছুটা হাওয়া এনেছে বলে তৃণমূল কংগ্রেসের এক সংসদ সদস্যের ধারণা। নাম প্রকাশে অনিচ্ছুক এই সংসদ সদস্য আজ প্রথম আলোকে বলেন, ‘বিজেপি যেভাবে এই কাজটা করেছে, তাতে স্পষ্ট, রাহুলকে তারা সংসদে মুখ খুলতে দিতে চায় না। আদানি নিয়ে কোনো জবাবদিহিতেও তারা রাজি নয়। এর মধ্য দিয়ে তারা কিন্তু রাহুলের আনা প্রতিটি অভিযোগের সারবত্তার প্রমাণ দিল।’

তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্যের মতে, এখন কংগ্রেসের পাশে দাঁড়ানোটা বিরোধী দল হিসেবে তাঁরা কর্তব্য মনে করছেন। তাই মমতা নিজেই টুইট করেছেন। সে কারণেই দলের দুই সংসদ সদস্যকে কৌশল নির্ধারণের জন্য কংগ্রেস সভাপতির ডাকা বৈঠকে পাঠানো হয়।

কংগ্রেস সভাপতির ডাকা বৈঠকে অবশ্য ‘হেভি ওয়েট’ সংসদ সদস্যদের পাঠায়নি তৃণমূল কংগ্রেস। এর মধ্য দিয়ে পরিষ্কার, কংগ্রেস কীভাবে এগোতে চাইছে, বিরোধীদের বিষয়ে তাদের মনে ঠিক কী রয়েছে, বিরোধী ঐক্য স্থাপনে কোন কৌশল তারা নিতে চাইছে, এসব বিষয় তারা আগে বুঝে নিতে চাইছে।

আরও পড়ুন

একইভাবে পরিস্থিতি বুঝতে চাইছে সমাজবাদী পার্টি। তৃণমূল কংগ্রেস, এসপি, বিআরএস সম্প্রতি নতুন করে বলছে, আঞ্চলিক দল যে যেখানে শক্তিশালী, সেখানে বিরোধী জোট গঠনের মূল দায়িত্ব তাদের ওপরেই ছেড়ে দেওয়া দরকার। যার মোদ্দা কথা হলো, বিরোধী ঐক্যের চালকের আসনে কংগ্রেসকে বসানো যাবে না।

কংগ্রেসও তা জানে। সে কারণে এই মুহূর্তে কংগ্রেস বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে কোনো কথা বলছে না। কংগ্রেস এটুকুই এখন বোঝাতে চাইছে, তাদের বাদ দিয়ে বিজেপিবিরোধী কোনো জোট গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে পারে না।

রাহুলের শাস্তি প্রায় সব বিরোধী দলকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, এটাই এই মুহূর্তের সত্য। বিজেপিও তা অনুভব করছে। কংগ্রেস ও বিজেপি দুই পক্ষই মনে করছে, এই নতুন ‘সম্ভাবনা’ আগামী দিনে জোরদার হবে কি না, তার প্রথম পরীক্ষা হবে মে মাসে অনুষ্ঠেয় কর্ণাটক বিধানসভার ভোটে। বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলে পরিস্থিতি একরকম হবে, না পারলে রাজনীতির ক্যানভাসে নতুন রং উঠবে।