স্ত্রীকে বাঁচাতেই কি গ্রেপ্তার হলেন অমৃতপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন খালিস্তান আন্দোলনের নতুন ‘পোস্টার বয়’ অমৃতপাল সিং ও তাঁর স্ত্রী কিরণদীপ কৌর
ছবি: টুইটার থেকে নেওয়া

চলতি বছরের ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন ভারতের খালিস্তানপন্থী ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ (পাঞ্জাবের উত্তরাধিকারী) নেতা অমৃতপাল সিং। আজ রোববার সকালে পাঞ্জাব পুলিশ তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। আত্মসমর্পণের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।

কিন্তু প্রশ্ন উঠেছে, এত দিন নির্বিঘ্নে পালিয়ে থাকার পর এখন হঠাৎ কী এমন হলো যে অমৃতপালকে আত্মসমর্পণ করতে হলো? পাঞ্জাবের রাজ্য সরকারের সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, অমৃতপাল তাঁর স্ত্রী কিরণদীপ কৌরকে নিয়ে উদ্বেগে ভুগছিলেন। তিনি মনে করেছিলেন, তাঁকে না পেয়ে পুলিশ কিরণদীপকে গ্রেপ্তার করতে পারে। এই আশঙ্কা থেকে অমৃতপাল নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

আরও পড়ুন

আজ সকালে পাঞ্জাব পুলিশ জানায়, আত্মসমর্পণের পর পাঞ্জাব রাজ্যের মোগা জেলা থেকে অমৃতপালকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে অমৃতপালের খোঁজে পুলিশের তল্লাশি অভিযানের সমাপ্তি ঘটেছে। গত বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দর থেকে গ্রেফতার হন স্বাধীন খালিস্তান আন্দোলনের নতুন ‘পোস্টার বয়’ অমৃতপালের স্ত্রী কিরণদীপ। সেই থেকে তিনি পুলিশের নজরদারিতে আছেন।

আরও পড়ুন

কিরণদীপ যুক্তরাজ্যের নাগরিক। অমৃতসর থেকে তিনি লন্ডনে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়েই তিনি ভারত ছাড়ার চেষ্টা করছিলেন। যদিও ভারতে তাঁর নামে কোনো মামলা কিংবা আইনি অভিযোগ নেই। স্ত্রী কিরণদীপ পুলিশের নজরদারিতে আসার পরই আত্মসমর্পণ করলেন অমৃতপাল।

আরও পড়ুন

গত ফেব্রুয়ারিতে কিরণদীপকে বিয়ে করেন অমৃতপাল। মার্চ মাসে জাল্লুপুর খেদা গ্রামে কিরণদীপকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। ওই সময় অমৃতপালের আন্দোলনে বিদেশি অর্থায়নের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখন অমৃতপাল আশঙ্কা করছেন, তাঁর আন্দোলনে সহযোগিতা করার অভিযোগে কিরণদীপকেও গ্রেপ্তার করা হতে পারে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অমৃতপাল সিং একজন অনাবাসী ভারতীয়। দুবাইতে ট্রাকচালক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে থাকার সময়ই অমৃতপাল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সংস্পর্শে এসেছিলেন।

আরও পড়ুন