ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৯ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ শনিবার বেলা ১১টায় কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজির হন অভিষেক।
সিবিআইয়ের জেরা শেষে নিজাম প্যালেসের সামনে সাংবাদিকদের অভিষেক বললেন, ‘আমাকে সিবিআইয়ের জেরার ফল শূন্য। সিবিআই আজ আমার সময় নষ্ট করেছে, নিজেদের সময়ও নষ্ট করেছে। সিবিআই আমাকে ধমকানো ও চমকানোর চেষ্টা করেছে। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি।’
এ সময় অভিষেক প্রশ্ন তুলে বলেন, ‘১৫ বছর ধরে শান্তিনিকেতনের নোবেল চুরির কেন কিনারা করতে পারেনি সিবিআই? সারদা কেলেঙ্কারি মামলার মূল অভিযুক্ত ব্যক্তি এখন বিজেপিতে। তাঁদের তো জেরা করা হচ্ছে না। বিজেপির জন্য এক আইন আর আমার জন্য আরেক আইন।’
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জোর দিয়ে বলেন, ‘আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। দিল্লির বশ্যতা মানব না। আমি রয়েল বেঙ্গল টাইগার হয়ে থাকতে চাই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা আমাকে দুর্বল করতে পারবে না। আমার লড়াই চলবে।’
অভিষেক আরও বলেন, তদন্তের নামে তাঁর দুই মাসের জন্য চলমান নবজোয়ার যাত্রা ওরা বন্ধ করতে পারবে না। সব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আজ বিজেপিতে ঠাঁই নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
অভিষেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। অভিষেককে জেরার কড়া সমালোচনা করেছেন তিনি। এক টুইটে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেছেন, ‘পারলে সিবিআই অভিষেককে গ্রেপ্তার করে দেখাক। অভিষেকের নবযাত্রা বন্ধ করলে আমি নিজে গিয়ে সেই যাত্রাকে অব্যাহত রাখব।’
তৃণমূল নেত্রী আরও বলেছেন, ‘বিজেপিকে দেশ থেকে তাড়ানো না পর্যন্ত আন্দোলন চলবে। আমরা কোনোভাবে বিজেপির কাছে মাথা নত করব না।’
রাজ্যের বিভিন্ন সরকারি নিয়োগসংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। গতকাল শুক্রবার সংস্থাটি চিঠি দিয়ে অভিষেককে নিজাম প্যালেসে যেতে বলে। তাঁকে সেখানে জেরা করা হবে বলেও চিঠিতে জানানো হয়।