ফেরার অমৃতপালের নতুন ভিডিও বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ নামের একটি সংগঠন, যার নেতৃত্বে আছেন অমৃতপাল সিং
ছবি: এএফপি

পাঞ্জাবের ‘ওয়ারিশ পাঞ্জাব দে’র নেতা ও স্বাধীন খালিস্তানের নতুন ‘পোস্টার বয়’ অমৃতপাল সিংয়ের হদিস নেই। ১২ দিন ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অমৃতপাল পুলিশের কাছে ফেরার। এর মধ্যে বুধবার অনলাইন মাধ্যমে একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অমৃতপালকে কথা বলতে দেখা গেছে।

একাধিক সূত্র বলছে, দুই দিন আগে অন্য কোনো দেশ থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। যুক্তরাজ্য থেকেই এ ভিডিও ছড়ানো হয়েছে বলে ধারণা করছে তারা।

ভিডিওটি অনলাইন মাধ্যমে প্রকাশ হওয়ার পর পুলিশের একাধিক সূত্র দাবি করেছে, অমৃতপাল সিং পাঞ্জাবে ফিরেছেন। তিনি আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

অমৃতসর যাওয়ার পথে অমৃতপাল হোশিয়ারপুরে অবস্থান করছেন এমন তথ্য জানতে পারে পুলিশ। এরপর পুলিশ মঙ্গলবার রাতে অমৃতপাল ও তাঁর সহযোগীদের ধরতে হোশিয়ারপুর শহর এবং আশপাশের বিভিন্ন গ্রামে তল্লাশি শুরু করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অমৃতপাল পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়ার আগে হোশিয়ারপুরের মারিয়ান নামের এটি গ্রামে একটি প্রাইভেট কার ফেলে যান অমৃতপাল ও তাঁর সহযোগী। পরে পুলিশ সেখান থেকে গাড়িটি উদ্ধার করে। এরপর সেই এলাকা ঘিরে রেখে মারিয়ান ও আশপাশের গ্রামে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে ওই গ্রাম ও এর আশপাশের বিভিন্ন সড়কে ব্যারিকেড ও তল্লাশিচৌকি বসায়।

আরও পড়ুন

পুলিশের সূত্রগুলো বলছে, আত্মসমর্পণ করার আগে অমৃতপাল সিং আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু এর মধ্যে পুলিশ তাঁর উপস্থিতে টের পেয়েছে এমন খবর জানতে পারেন। এরপর সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা বাতিল করে পালিয়ে যেতে বাধ্য হন তিনি।

পাঞ্জাবে গত শতকের আশিক দশকের ‘খালিস্তান আন্দোলন’ নতুন করে মাথাচাড়া দেওয়ায় অমৃতপাল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে ব্যাপক চাপে রয়েছে পাঞ্জাব পুলিশ। পুলিশ ১৮ মার্চ থেকে অমৃতপাল ও খালিস্তানপন্থী সংগঠন ‘ওয়ারিশ পাঞ্জাব দে’র (পাঞ্জাবের উত্তরসূরী) সদস্যদের ধরতে অভিযান শুরু করে। এর তিন সপ্তাহ আগে অমৃতপাল ও তাঁর সমর্থকেরা গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তি দিতে অমৃতসরের অদূরে অঞ্জলা পুলিশ স্টেশনে হামলা চালান।

আরও পড়ুন

এর আগে গতকাল মঙ্গলবার নতুন একটি সিসিটিভ ফুটেজ প্রকাশিত হয়। সেটি ২১ মার্চ দিল্লিতে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। এতে দেখা গেছে, অমৃতপাল মাথায় পাগড়ি ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। পাগড়ি ছাড়া চলাচল করে তিনি পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া অমৃতপালের পরনে ছিল একটি ডেনিম জ্যাকেট, চোখে সানগ্লাস। তাঁর সহযোগী পাপালপ্রিত সিংকেও ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে। পরিচয় গোপন করতে তাঁরা মুখে মাস্ক পরেছিলেন। সূত্র বলছে, হরিয়ানার কুরুক্ষেত্র হয়ে অমৃতপাল সিং ও পাপালপ্রিত সিং দিল্লি এসেছিলেন। এই ভিডিও প্রকাশের এক দিন পর অমৃতপাল নিজে ভিডিও প্রকাশ করলেন।

আরও পড়ুন