কলকাতার সেই আমিরের আরও ৭০ কোটি রুপির ক্রিপ্টোকারেন্সির সন্ধান
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতায় মোবাইল গেমিংঅ্যাপ কাণ্ডের মূল অভিযুক্ত আমির খানের আরও ৭০ কোটি রুপির ক্রিপ্টোকারেন্সির (ভার্চ্যুয়াল মুদ্রা) সন্ধান মিলেছে।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এ দাবি করেছে। এই ক্রিপ্টোকারেন্সি যে অ্যাকাউন্টের মাধ্যমে কেনা হয়েছিল, তা চিহ্নিত করেছে ইডি।
ভারত থেকে ই-ওয়ালেটে অর্থ হস্তান্তর করে সেই অর্থ দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনা হয়। কোন কোন অ্যাকাউন্ট থেকে ই-ওয়ালেটে ওই অর্থ পাঠানো হয়েছে, তা তদন্ত করে বের করেছে ইডি। সংস্থাটির দাবি, আমিরের প্রচুর অর্থ গেছে হুন্ডিতে আর ক্রিপ্টোকারেন্সি ক্রয়ে।
ইডি সূত্রে বলা হয়েছে, হুন্ডির মাধ্যমে অর্থ গেছে মধ্যপ্রাচ্যের ব্যাংকে। আর এই ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য ভুয়া কাগজপত্র দিয়ে খোলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় ই-ওয়ালেটে। সেখান থেকে কেনা হয় ক্রিপ্টোকারেন্সি।
ইডি তদন্তে নেমে জানতে পেরেছে, ভুয়া কাগজপত্র দিয়ে যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে, কার্যত তার সিংহভাগের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। ইডি যেসব ওয়ালেটে অর্থ জমা করে ক্রিপ্টোকারেন্সি কেনা হয়েছে, সেগুলো চিহ্নিত করতে পেরেছে। ইডি জানতে পেরেছে, ভারতীয় মুদ্রায় আমির ৭০ কোটি রুপিরও বেশি ক্রিপ্টোকারেন্সি কিনেছেন।
ইতিমধ্যে আমিরের ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটের লেনদেন স্থগিত করেছে কলকাতার পুলিশ। এর মধ্যে একটি ভারতের ওয়ালেট আর অন্যটি চীনের। ইতিমধ্যে চীনের ওই অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত করা হয় আমিরের ১৪ কোটি ৫৩ লাখ রুপি। এর আগে গত ১০ সেপ্টেম্বর ইডি আমিরের দক্ষিণ কলকাতার গার্ডেনরিচের বাসার দোতলায় খাটের নিচ থেকে উদ্ধার করেছিল নগদ ১৭ কোটি ৩২ লাখ রুপি।
এরপর মুঠোফোন ট্র্যাক করে গত শুক্রবার গভীর রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দ্রপুরম থানা এলাকা থেকে আমিরকে গ্রেপ্তার করা হয়। উত্তর প্রদেশের পুলিশের সঙ্গে যৌথ তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কলকাতার লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার পুলিশ। কলকাতা নগর, বিশেষ দায়রা আদালতে হাজির করা হলে বিচারক আমিরকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।