সন্ত্রাসবাদের অভিযোগ, ভারতে ইসলামি সংগঠন পিআইএফ নিষিদ্ধ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: এএনআই

ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) কি নিষিদ্ধ ঘোষিত হবে? মঙ্গলবার সংগঠনটির বিরুদ্ধে দ্বিতীয় দফার তল্লাশি অভিযান শুরুর পর ঘুরেফিরে প্রশ্নটি আবারও এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংগঠনের কাজকর্মে সরকার অনেক উদ্বিগ্ন। সে জন্য নতুন করে তল্লাশি অভিযান। তবে সংগঠনটি নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি।

এর আগে গত শনিবার দেশের ১৫টি রাজ্যে পিএফআইয়ের কার্যালয় ও নেতা–কর্মীদের বাড়িতে একযোগে তল্লাশি চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ওই দিন সংগঠনের রাজনৈতিক শাখা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল শতাধিক ব্যক্তিকে। এ সময় প্রচুর টাকা উদ্ধার করা হয়।

পাঁচ দিন পর মঙ্গলবার দ্বিতীয় দফায় তল্লাশি চালানো হয় দিল্লি, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম ও তেলেঙ্গানায়। বার্তা সংস্থা এনআইএ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রথমবার তল্লাশির সময় পাওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এ অভিযানেও অনেক তথ্য ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন সন্দেহে জড়িত থাকায় আটক করা হয়েছে শতাধিক ব্যক্তিকে।

দিল্লি এই সংগঠনের এক বড় ঘাঁটি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি। মঙ্গলবার তল্লাশি চালানো হয় দিল্লির জামিয়া মিলিয়া, নিজামুদ্দিন, শাহিনবাগ, রোহিনী, ওখলা অঞ্চলে। সকাল থেকেই অধিকাংশ স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। কোথাও কোথাও কারফিউও। তল্লাশির বিরুদ্ধে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে দিল্লি পুলিশ। শাহীনবাগ, জামিয়া মিলিয়া, নিজামুদ্দিনে আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পিএফআই সন্ত্রাসবাদীদের নানাভাবে সহায়তা করে চলেছে। তারা মৌলবাদে বিশ্বাসী ও দেশের যুব সম্প্রদায়কে বিপথগামী করে তুলতে সক্রিয়।

আরও পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২০০৬ সালে পিএফআই গঠিত হয়। প্রান্তিক মুসলমান সমাজের ক্ষমতায়নে সংগঠনটি কাজ করলেও তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রসারের অভিযোগ উঠেছে। সংগঠনটি পশ্চিম এশিয়ার বিভিন্ন মুসলিম দেশ থেকে অর্থ পায় বলে সরকারের কাছে তথ্য আছে। নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া বা ‘সিমি’র কিছু নেতা পিএফআই প্রতিষ্ঠা করেন। সিমির মতো পিএফআইও নিষিদ্ধ হবে কি না, এই মুহূর্তে সেটাই বড় জল্পনা।

আরও পড়ুন