লোকসভায় রাহুলের ভাষণ থেকে ‘আপত্তিকর’ অংশ বাদ
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কের সময় যা হয়েছিল, মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনাতেও তার পুনরাবৃত্তি দেখা গেল।
মণিপুর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষণের ‘আপত্তিকর’ অংশগুলো লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হলো।
লোকসভায় বুধবার রাহুল অনাস্থা প্রস্তাবে অংশ নিয়ে ভাষণ দেন। লোকসভার সদস্যপদ ফেরত পাওয়ার পর এটাই ছিল লোকসভায় তাঁর প্রথম ভাষণ।
৩৭ মিনিটের ভাষণের শেষাংশে রাহুল মণিপুরের পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিস্পৃহতা ও উদাসীনতাকে। দায়ী করেন মোদির দল বিজেপির ঘৃণা ও বিভাজনের রাজনীতিকে।
রাহুল তাঁর ভাষণে বলেন, মণিপুরে তারা (বিজেপি) ভারতের অন্তরাত্মার আওয়াজকে চুপ করাতে চেয়েছে। মণিপুরে তারা ভারতমাতাকে হত্যা করেছে।
সরকারপক্ষকে উদ্দেশ করে রাহুল বলেছিলেন, ‘আপনারা দেশদ্রোহী। দেশপ্রেমিক নন, দেশভক্ত নন।’
রাহুলের ভাষণ দেওয়ার সময় সরকারপক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। সে সময় একটা পর্বে ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে স্পিকার ওম বিড়লাকে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা গিয়েছিল।
গতকাল রাতে লোকসভার কার্যবিবরণী থেকে ‘ভারতমাতা’, ‘ভারতমাতাকে হত্যা করা’, ‘আপনারা দেশদ্রোহী’—এসব কথা মুছে দেওয়া হয়।
লোকসভায় গত বাজেট অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কের সময়ও এমনটা করা হয়েছিল। সেবার লোকসভায় শিল্পপতি গৌতম আদানির সঙ্গে দহরম-মহরমের জন্য প্রধানমন্ত্রী মোদিকে সরাসরি আক্রমণ করেছিলেন রাহুল। তাঁর সে ভাষণের সিংহভাগজুড়ে ছিল আদানি প্রসঙ্গ। কেন মোদি আদানির উড়োজাহাজে সফর করতেন, কেন আদানি সব সময় প্রধানমন্ত্রীর বিদেশ সফরকালে তাঁর সঙ্গী হন, কীভাবে তিনি (মোদি) বিদেশি সরকারের ওপর প্রভাব খাটিয়ে আদানি গোষ্ঠীকে ব্যবসায়িক সুবিধা প্রকল্প পাইয়ে দিয়েছেন, সেসব অভিযোগ তুলে ধরেছিলেন রাহুল। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর উত্তর দাবি করেছিলেন।
মোদি অবশ্য তাঁর ভাষণে আদানি প্রসঙ্গের কাছ দিয়েও হাঁটেননি। তাঁর নাম পর্যন্ত তিনি উচ্চারণ করেননি।
কিন্তু পরে দেখা যায়, লোকসভায় রাহুলের দেওয়া ভাষণ থেকে আদানির সব প্রসঙ্গ মুছে দেওয়া হয়েছে। লোকসভার কার্যবিবরণীতে মোট ১৮টি জায়গা থেকে তাঁর বক্তব্য বাদ দেওয়া হয়েছিল।
শুধু রাহুলের ভাষণ থেকেই নয়, রাজ্যসভায় বিরোধী নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণ থেকেও বাদ দেওয়া হয়েছিল আদানি প্রসঙ্গ।
এবার বাদ পড়ল ‘ভারতমাতাকে হত্যার’ প্রসঙ্গ। কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম।
লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করে থাকে ‘সংসদ টিভি’। এই সম্প্রচার ইউটিউবে দেওয়া হয়। সেখান থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
আগেরবারের ‘আদানি’ এবং এবারের ‘ভারতমাতাকে হত্যা’, ‘দেশদ্রোহী’ ইত্যাদি শব্দসহ রাহুলের ভাষণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
ভারতের পার্লামেন্টে প্রধানত বিরোধী সদস্যদের ভাষণে ব্যবহৃত কঠোর শব্দাবলিকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে মুছে দেওয়ার প্রবণতা দিন দিন বেড়ে চলছে। কোন ধরনের শব্দ ব্যবহার অযোগ্য, সেই তালিকার বহর দিন দিন বাড়ছে।
ইদানীং দেখা যাচ্ছে, শাসক দলের যা কিছু অপছন্দ, যা কিছুতে শাসকের আপত্তি, কোনোরকম যুক্তি ছাড়াই তা মুছে দেওয়া হচ্ছে।
এ অবস্থায় বিরোধীদের বিস্ময়, ‘ভারতমাতা’ শব্দ কী করে অসংসদীয় হতে পারে! কেনই-বা ‘আদানি’ শব্দ উচ্চারিত হলে শাসক দলের গায়ে ফোসকা পড়ে!
বিতর্ক বেধেছে সংসদ পরিচালনা পদ্ধতি ও সংসদ টিভি ঘিরেও। সংসদ পরিচালিত হয় সভাধ্যক্ষের মর্জিমাফিক। বিরোধীদের ভাষণের সময় মাইক বন্ধ করে দেওয়া নিয়ে অভিযোগ ইদানীং বেড়ে চলছে। বিরোধীদের অভিযোগ সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি।
‘সংসদ টিভি’ পরিচালনের ক্ষমতা লোকসভার স্পিকারের। তাঁর অধীনে থাকা এই সরকারি সংস্থা বেশ কিছুদিন ধরেই বিরোধীদের বিক্ষোভ দেখানো বন্ধ করে দিয়েছে। কারণ, এতে নাকি দেশের মানুষের কাছে ভুল বার্তা যায়।
গতকাল কংগ্রেস অভিযোগ করে, রাহুলের ভাষণের সময় টিভির ক্যামেরা বেশির ভাগ সময় স্থির থেকেছে স্পিকারের মুখের ওপর।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ পরিসংখ্যান দিয়ে বলেন, রাহুল ভাষণ দিয়েছেন ৩৭ মিনিট। এর মধ্যে সংসদ টিভির ক্যামেরা তাঁকে দেখিয়েছে মাত্র ১৪ মিনিট ৩৭ সেকেন্ড। অর্থাৎ, ৪০ শতাংশ সময়। বাকি সময় ক্যামেরা দেখিয়েছে স্পিকারের মুখ, আর কিছুটা সময় সরকারপক্ষের সদস্যদের।
রাহুলের ভাষণে মণিপুর প্রসঙ্গ ছিল ১৫ মিনিট ৪২ সেকেন্ড। এর মধ্যে ক্যামেরা ওম বিড়লাকে দেখিয়েছে ১১ মিনিট ৮ সেকেন্ড। রাহুলের ভাগ্যে টিভি ক্যামেরা জুটেছে মাত্র ৪ মিনিট ৩৪ সেকেন্ড। জয়রাম রমেশের প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী মোদির কিসের এত ভয়?’