৫ হাজার রুপি জরিমানা দিয়ে হলফনামা দিলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফাইল ছবি

চাঞ্চল্যকর নারদ ঘুষ কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হলফনামা নিয়েছেন কলকাতা হাইকোর্ট। তবে তার আগে মমতার কাছ থেকে আদায় করা হয়েছে পাঁচ হাজার রুপি জরিমানা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও জরিমানা দিয়ে হলফনামা দাখিল করেছেন। আগামী ১৫ জুলাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এ মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে মমতা ও মলয় কলকাতা হাইকোর্টে নারদ মামলায় তাঁদের বক্তব্য পেশের জন্য হলফনামা জমা দিতে ব্যর্থ হন। পরে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। ওই সময় সুপ্রিম কোর্ট এ আবেদন শুনানির জন্য বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর সমন্বয়ে ডিভিশন বেঞ্চ গড়েন।

২২ জুন এ বেঞ্চে মমতার আবেদনের শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এই ডিভিশন বেঞ্চের বিচারপতি অনিরুদ্ধ বসু শুনানি গ্রহণে আপত্তি জানালে নতুন করে বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি দীনেশ মহেশ্বরীকে নিয়ে ডিভিশন বেঞ্চ গঠন করেন সুপ্রিম কোর্ট। ওই বেঞ্চ হলফনামা গ্রহণ করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টকে।

একই সঙ্গে নারদ মামলাটি কলকাতার আদালত থেকে অন্য কোনো রাজ্যের আদালতে স্থানান্তর করার আবেদন করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ আবেদন খারিজ হয়ে গেছে।

আরও পড়ুন

আজ কলকাতা হাইকোর্টের শুনানিতে হলফনামা প্রদানে বিলম্বের কারণে মমতা, মলয় ঘটক ও রাজ্য সরকারকে পাঁচ হাজার রুপি করে জরিমানা করা হয়। জরিমানা দেওয়ার পর নেওয়া হয় হলফনামা। একই সঙ্গে সিবিআইকে আগামী ১০ দিনের মধ্যে পৃথক হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত ১৭ মে আলোচিত নারদ মামলায় সিবিআই গ্রেপ্তার করে তৃণমূল ও বিজেপির চার নেতাকে। তাঁরা হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের বিধায়ক মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। গ্রেপ্তারের দিন মমতা কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে ছুটে গিয়ে ওই নেতাদের মুক্তি দাবি করেন। সেখানে অবস্থান নেন মমতা। একই সঙ্গে অভিযুক্ত চার নেতাকে কলকাতা সিবিআইয়ের বিশেষ আদালতে তোলার সময় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সেখানে উপস্থিত হয়ে তৃণমূলের পক্ষে অবস্থান নেন।

আরও পড়ুন

এ ঘটনার পরপরই কলকাতা হাইকোর্টে নারদ মামলা বিচারের জন্য গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ মামলাটির পক্ষভুক্ত করেন মমতা ও মলয়কে। এতে অসন্তুষ্ট হয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে নিজেদের দপ্তরে মমতার অবস্থান ও বিশেষ আদালতে রাজ্যের আইনমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়ে এ মামলার বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিবিআই।

আরও পড়ুন