একনজর: বিশ্বে যা ঘটল সারা দিন
আজ ২৯ অক্টোবর, রোববার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। পাশাপাশি ভারত ও মিসরের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা অব্যাহত আছে। এতে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ব্যক্তিদের অর্ধেকই শিশু।
গাজায় যখন এমন পরিস্থিতি চলছে তখন বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
গাজায় অব্যাহত হামলার মধ্যেই গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি স্থল অভিযান ‘দ্বিতীয় পর্যায়ে’ গড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের এই পর্যায় দীর্ঘ ও কঠিন হবে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লড়ব। আমরা আত্মসমর্পণ করব না। আমরা সরে আসব না।’
এদিকে গাজা উপত্যকায় আরও স্থল অভিযান চালানো নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে সৌদি আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকিতে ফেলে চালানো এ অভিযান আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দেশটি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গত শুক্রবার রাতে বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। আর এরপরই স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল সৌদি আরব।
ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারীদের দুর্দশা নিয়ে পড়তে পারেন আল–জাজিরার একটি ফিচার। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনপিএফ) তথ্য অনুসারে, অবরুদ্ধ গাজা অঞ্চলে ৫০ হাজার অন্তঃসত্ত্বা রয়েছেন। ইসরায়েলের হামলা-অবরোধের কারণে গাজার স্বাস্থ্যসেবা–ব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে অন্তঃসত্ত্বা নারীদের অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসার অভাবে ভুগছেন। গাজায় গত সপ্তাহে ইউএনপিএফ অন্তঃসত্ত্বাদের জন্য ‘জরুরি স্বাস্থ্যসেবা ও সুরক্ষা’র ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।
এদিকে ভারতের কেরালায় কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে পরপর কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। কোচি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে জেওভাহ উইটনেস কনভেনশন সেন্টারে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এ বিস্ফোরণ হয়। প্রার্থনা শুরুর কয়েক মিনিটের মধ্যে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে।
অন্যদিকে মিসরে গতকাল শনিবার বড় ধরনের একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে মিসরে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, একটি যাত্রীবাহী বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। রাজধানী কায়রো থেকে ১৩১ কিলোমিটার উত্তরে কায়রো-আলেকজান্দ্রিয়া সড়কের বেহেইরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেশির ভাগের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে।