যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পার হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞাধীন ট্যাংকার

হরমুজ প্রণালির কাছে একটি কার্গো জাহাজফাইল ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করেই আজ মঙ্গলবার জলপথটি অতিক্রম করেছে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনের একটি ট্যাংকার। জাহাজ চলাচলের তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি, মেরিন ট্রাফিক ও কেপলারের তথ্য অনুযায়ী, মার্কিন অবরোধ শুরুর পর প্রথম জাহাজ হিসেবে এটিই হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ করে উপসাগরীয় অঞ্চল ছেড়েছে।

জাহাজটির নাম রিচ স্টারি। এটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণে প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে।

কোম্পানিটির পক্ষ থেকে হরমুজ পাড়ি দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এ ট্যাংকারে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করা হচ্ছিল। এটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে মিথানল নিয়ে যাত্রা শুরু করে।

আরও পড়ুন

তথ্য আরও বলছে, জাহাজটিতে চীনা ক্রু রয়েছেন এবং এটি চীনের মালিকানাধীন।

এ ছাড়া একই দিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা আরেকটি জাহাজ মারলিকিশানও হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়েছে বলে জানায় এলএসইজি।

কেপলারের তথ্যমতে, জাহাজটিতে বর্তমানে কোনো পণ্য নেই। ১৬ এপ্রিল ইরাক থেকে এটির জ্বালানি তেল নেওয়ার কথা রয়েছে।

জাহাজটি আগে এমকেএ নামে পরিচিত ছিল এবং অতীতে এটি রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছে।

আরও পড়ুন