অ্যামাজন থেকে মাইক্রোসফট, ফিলিস্তিনি নিধনে ইসরায়েলের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান
ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণে ইসরায়েলের সামরিক বাহিনী মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়েছে। অধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে মার্কিন প্রযুক্তির গভীর সম্পৃক্ততার আরও একটি প্রমাণ।
আল–জাজিরার সঙ্গে কথা বলা মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাঁদের গতিবিধি অনুসরণ এবং হত্যার কাজে ইসরায়েল যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার ওপর নির্ভর করে, সেগুলো সরবরাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর অনেকে জড়িত। এর মধ্যে গুগল, প্যালান্টির ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, এসব প্রযুক্তির কিছু অংশ এমন পশ্চিমা সরকারগুলোর কাছেও রপ্তানি করা হয়েছে, যারা প্রকাশ্যে ইসরায়েল ও দেশটির কর্মকাণ্ডের সমালোচনা করে।
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যালান্টির ২০২৪ সালের জানুয়ারিতে ‘যুদ্ধসংশ্লিষ্ট কার্যক্রমে’ সহযোগিতার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে।
অন্যদিকে মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা বিপুলসংখ্যক কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব তথ্য প্রাণঘাতী বিমান হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে।
প্রায় সব মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানই (ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা) ইউনিট ৮২০০-এর সদস্যদের উচ্চপদে নিয়োগ দিয়েছে। এরপর তাঁরা একই ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেন। এর ফলে তাঁদের আগের ইউনিটের সঙ্গে সম্পর্কিত একটি সাংগঠনিক সংস্কৃতি গড়ে ওঠে।
১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলের সামরিক বাহিনীকে উন্নত মুখ শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা সরবরাহ করছে।
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াও ইসরায়েলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তা এতটাই যে ইসরায়েলের অর্থনীতিবিদেরা দেশটির বাজেট–ঘাটতি কমাতে এনভিডিয়ার কর পরিশোধের অবদানের কথা উল্লেখ করেছেন।
ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংস্থা সেভেনআমলেহর জালাল আবুখাতের বলেন, ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুই এখন নজরদারির আওতাধীন।
মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা বিপুলসংখ্যক কথোপকথনের রেকর্ড সংরক্ষণের খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব তথ্য প্রাণঘাতী বিমান হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে।
আবুখাতের বলেন, ‘এটি সর্বত্র। আপনি পূর্ব জেরুজালেমে থাকুন কিংবা হেবরনে, আপনার ছবি তোলা হচ্ছে। আমি যখন দৌড়ানোর ট্র্যাকে যাই, তখন তল্লাশিচৌকি কিংবা রাস্তার পাশের ক্যামেরায় অসংখ্যবার আমার ছবি তোলা হয়।’
আবুখাতের আরও বলেন, ‘অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি তো কিছুই নয়। প্রত্যেকের ছবি সব সময় তোলা হচ্ছে। সেগুলো এমন সব ব্যবস্থায় জমা হচ্ছে, যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন এসব করা হচ্ছে, তার ব্যাখ্যাও দেওয়া হয় না।’
ইসরায়েলের যুদ্ধে সিলিকন ভ্যালির ভূমিকা
সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে ডানপন্থী রাজনৈতিক অবস্থানের দিকে ঝোঁক বেড়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থনও বেড়েছে।
বিশেষ করে গাজায় ইসরায়েলের জাতিগত নিধন (জেনোসাইড) চলাকালে প্যালান্টির ইসরায়েলের প্রতি সমর্থনের বিষয়ে কোনো রাখঢাক করেনি।
অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি তো কিছুই নয়। প্রত্যেকের ছবি সব সময় তোলা হচ্ছে। সেগুলো এমন সব ব্যবস্থায় জমা হচ্ছে, যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন এসব করা হচ্ছে, তার ব্যাখ্যাও দেওয়া হয় না।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে জানান, প্যালান্টির ইসরায়েলি বাহিনীকে অপরাধ সংঘটনের পূর্বাভাসভিত্তিক পুলিশি প্রযুক্তি ও একটি এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসংগত’ কারণ রয়েছে।
আলবানিজ আরও বলেন, প্যালান্টিরের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যথাযথভাবে মানবাধিকারঝুঁকি যাচাই করলে অনেক আগেই ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহার করত।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার গাজায় ইসরায়েলের হামলায় প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহারের অসংখ্য অভিযোগ নথিভুক্ত করে। সংস্থাটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও মানবাধিকারের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করে।
১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলের সামরিক বাহিনীকে উন্নত মুখ শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা সরবরাহ করছে।
তবে যুদ্ধাপরাধে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছে প্যালান্টির। ইসরায়েলের সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লক্ষ্যবস্তু শনাক্তকরণব্যবস্থা ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ তৈরির সঙ্গেও নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে যুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ইন্টেলের দাবি, প্যালান্টিরের সফটওয়্যার ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য একত্র করার কার্যক্রমের সঙ্গে যুক্ত।
এসব তথ্যের মধ্যে রয়েছে আড়ি পেতে সংগ্রহ করা যোগাযোগের তথ্য, স্যাটেলাইটের ছবি এবং অন্যান্য উপাত্ত। এগুলো একত্র করে সামরিক হামলার লক্ষ্যবস্তুর তালিকা তৈরিতে সহায়তা করা হয়।
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মার্কিন প্রযুক্তির সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে প্রজেক্ট নিম্বাস।
প্যালান্টির ইসরায়েলি বাহিনীকে অপরাধ সংঘটনের পূর্বাভাসভিত্তিক পুলিশি প্রযুক্তি ও একটি এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসংগত’ কারণ রয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের জাতিগত নিধন শুরুর পর দেশটির নিজস্ব ক্লাউড ও এআই অবকাঠামোর সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ পড়ে। সে সময় অ্যামাজন ও গুগল সহায়তায় এগিয়ে আসে।
এ ছাড়া ওপেনএআইয়ের তৈরি এআই মডেলও ইসরায়েলের সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। মাইক্রোসফটের আজুর প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মডেল ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।
২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ইসরায়েলের সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্ট থেকে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে। গাজায় যুদ্ধ শুরুর পর এই মডেলের ব্যবহার ২০ গুণ বেড়ে যায়।
তবে আল–জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো চুক্তি নেই।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘আজুরের মাধ্যমে মাইক্রোসফট কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে, তা আমরা নিয়ন্ত্রণ করি না।’
ওপেনএআই জানিয়েছে, জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে সেটি নিজেদের জাতীয় নিরাপত্তানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করার জন্য কঠোর প্রক্রিয়া রয়েছে।
সামরিক গোয়েন্দা সংস্থা থেকে প্রযুক্তিপ্রতিষ্ঠানে
বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর সম্পর্কের আরেকটি দিক তুলে ধরেছেন। বিশেষ করে দেশটির সামরিক বাহিনীর সাইবার যুদ্ধ পরিচালনাকারী ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ।
ড্রপ সাইট নিউজ ২০২৫ সালে এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ও বর্তমান সদস্যদের একটি তথ্যভান্ডার পর্যালোচনা করে দেখা গেছে, তাঁদের প্রায় ১ হাজার ৪০০ জন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোয় কাজ করছেন। এর মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সদস্য ছিলেন।
প্রায় ২৫০ জন কাজ করছেন মাইক্রোসফটে। অন্যরা এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানে কর্মরত। সামরিক গোয়েন্দা সংস্থা ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোয় একই ব্যক্তিদের কাজ করার বিষয়টি সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন তুলেছে।
বিশেষ করে মাইক্রোসফটের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পর্যায়ে এমন উদ্বেগের খবর প্রকাশিত হয়েছে যে ইসরায়েলে কর্মরত কয়েকজন কর্মী ইউনিট ৮২০০ কীভাবে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছে, সে বিষয়ে পুরোপুরি স্বচ্ছ ছিলেন না।
চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছিল, মাইক্রোসফটের একটি অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।
ইসরায়েলে কর্মরত কয়েকজন কর্মী প্রতিষ্ঠানটির প্রতি দায়িত্ব এবং ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি আনুগত্যের মধ্যে দ্বন্দ্ব অনুভব করেছিলেন কি না, তা তদন্তে দেখা হয়েছিল।
টেক ফর প্যালেস্টাইনের অন্যতম প্রতিষ্ঠাতা পল বিগার বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা কাজ করছেন।
বিগার বলেন, ‘প্রায় সব মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানই (ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা) ইউনিট ৮২০০-এর সদস্যদের উচ্চপদে নিয়োগ দিয়েছে। এরপর তাঁরা একই ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেন। এর ফলে তাঁদের আগের ইউনিটের সঙ্গে সম্পর্কিত একটি সাংগঠনিক সংস্কৃতি গড়ে উঠছে।’
বিগার আরও বলেন, ‘মনে রাখতে হবে, তাঁরা গোয়েন্দা। তাই তাঁদের প্রধান লক্ষ্য থাকে ইউনিট ৮২০০ থেকে আরও লোক এনে নিজেদের প্রভাব বাড়ানো। এর মধ্যে উদাহরণ হিসেবে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর অধীন নিয়ে আসাও রয়েছে।’
গুগল ও অ্যামাজনকে দেওয়া প্রজেক্ট নিম্বাসের ১২০ কোটি ডলারের চুক্তি ছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যের মোট পরিমাণ সম্পর্কে নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট হিসাব পাওয়া কঠিন।
তবে বাণিজ্যের পরিমাণ যা-ই হোক, ইসরায়েলের সামরিক সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সমন্বয়ে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারি চালানো হচ্ছে। ফলে তাঁরা বিশ্বের সবচেয়ে বেশি নজরদারির শিকার জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়েছেন।
ফিলিস্তিনিদের জীবনের সর্বত্র নজরদারি
ফিলিস্তিনি অধিকারকর্মী জালাল আবুখাতের নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তিনি তুলনামূলকভাবে ভাগ্যবান।
তবে আবুখাতেরের ঘনিষ্ঠ কয়েকজনকে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের সামনে নিজেদের পুরো জীবনের গতিবিধির একটি ‘হিটম্যাপ’ তুলে ধরা হয়েছিল।
আবুখাতের বলেন, ‘ফোনের অবস্থান শনাক্ত করার প্রযুক্তি ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে তাঁদের দেখানো হয়েছে, তাঁরা কোথায় কোথায় গেছেন এবং কোন জায়গায় কতক্ষণ ছিলেন।’
এই অধিকারকর্মী আরও বলেন, ‘আমরা এসবের অর্ধেকও জানি না। ২০২৫ সালে মাইক্রোসফটের ভূমিকা প্রকাশ পাওয়ার পর জানা যায়, নেদারল্যান্ডসের একটি সার্ভারে ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিং ছিল।’
আবুখাতের বলেন, ‘এটি তো মাত্র একটি সার্ভার। অন্য কোথায় কী আছে, এসব প্রতিষ্ঠান আরও কী ধরনের তথ্য প্রক্রিয়াজাত করছে, তা কে জানে?’
অভিযোগের জবাবে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো কী বলছে
আল–জাজিরাকে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারির জন্য মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করেছে প্রতিষ্ঠানটি।
এই মুখপাত্র বলেন, ‘গত জুনে আমরা তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছি। সেখানে তদন্তের সারসংক্ষেপ এবং আমাদের পরিচালনা ও তদারকির ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে।’
মাইক্রোসফটের নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র আরও বলেন, এরই অংশ হিসেবে এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মী পরিচয় গোপন রেখে উদ্বেগের কথা জানাতে পারেন।
মাইক্রোসফট ইন্টেগ্রিটি পোর্টালের মাধ্যমে কর্মীরা এমন কোনো কার্যক্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন, যা প্রতিষ্ঠানটির প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহারসংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করতে পারে।
অন্যদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) এক মুখপাত্র আল–জাজিরাকে বলেছেন, ‘আমরা গ্রাহকদের গোপনীয়তাকে সম্মান করি। তাঁদের সম্মতি ছাড়া সম্পর্ক নিয়ে আলোচনা করি না। গ্রাহকেরা তাঁদের প্রযুক্তি দিয়ে কী ধরনের কাজ করছেন, সে সম্পর্কেও আমাদের সরাসরি জানার সুযোগ নেই।’
অ্যামাজনের মুখপাত্র আরও বলেন, ‘গ্রাহকেরা নিয়মিত আমাদের দপ্তরে এসে আমাদের দলের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন বিষয়ে তথ্য নেন। এসব সফরকে নিয়মিত গ্রাহকসংশ্লিষ্ট কার্যক্রমের বাইরে অন্য কিছু হিসেবে উপস্থাপনের যেকোনো চেষ্টা ভুল এবং ভিত্তিহীন।’
ওপেনএআইয়ের এক মুখপাত্রও আল–জাজিরাকে বলেছেন, ‘ইসরায়েলের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সঙ্গে ওপেনএআইয়ের কোনো চুক্তি নেই।’
মুখপাত্র বলেন, ‘মাইক্রোসফট আজুরের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে, তা আমরা নিয়ন্ত্রণ করি না।’
ওপেনএআইয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে আমাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব ওপেনএআইয়ের জাতীয় নিরাপত্তানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাইয়ে আমাদের কঠোর প্রক্রিয়া রয়েছে।’
মন্তব্যের জন্য আল–জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলের সামরিক বাহিনী কোনো জবাব দেয়নি।