পাকিস্তানে সময়মতো নির্বাচন হবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্লামেন্ট ভেঙে দেওয়ার দিনের মধ্যে ভোট অনুষ্ঠান নিয়ে সংশয় তৈরি হয়েছে
রয়টার্স ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে ভাঙা হলো পাকিস্তানের পার্লামেন্ট, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) বলছে, নতুন আদমশুমারি অনুযায়ী ভোটার তালিকা তৈরিতে অন্তত চার মাস সময় লাগবে। সে ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা অবশ্যই বাড়াতে হবে।

বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার প্রেসিডেন্ট আরিফ আলভি পার্লামেন্ট ভেঙে দেন। একই সঙ্গে তিনি তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর নাম দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর সরকারকে বলেছেন।

‘নতুন আদমশুমারি শেষ হওয়ার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই শুমারি শেষ হতে প্রায় চার মাস সময় লাগবে। ফলে নির্বাচন আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে’
—নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা

এমনিতেই অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। ৫ আগস্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান গ্রেপ্তার হয়েছেন।

তোশাখানার মামলায় ইসলামাবাদের একটি আদালত তিন বছরের কারাদণ্ড ঘোষণার পরপরই লাহোরের জামান পার্ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ৮ আগস্ট ইমরান খানকে নির্বাচনে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন, নতুন আদমশুমারি শেষ হওয়ার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই শুমারি শেষ হতে প্রায় চার মাস সময় লাগবে। ফলে নির্বাচন আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

আরও পড়ুন

‘জাতীয় ঐক্য’ ছাড়া পাকিস্তান এগিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনিও সম্প্রতি সাংবাদিকদের এই ইঙ্গিত দিয়েছেন যে নতুন নির্বাচন হয়তো এ বছর অনুষ্ঠিত হবে না।

অনেকেই মনে করেন, নির্বাচনে জয়ের ব্যাপারে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জোট আত্মবিশ্বাসী নয়। এ কারণে নির্বাচন পিছিয়ে যাবে। একদিকে রয়েছে ইমরান খানের জনপ্রিয়তা, অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহিবল (আইএমএফ) থেকে ঋণ নেওয়ার পরও দেশে মুদ্রাস্ফীতির আঁচ কমছে না। ফলে এ অবস্থায় পিএমএল-এন জোটের জয়ে সম্ভাবনা ক্ষীণ।

অনেকেই মনে করেন, নির্বাচনে জয়ের ব্যাপারে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জোট আত্মবিশ্বাসী নয়। এ কারণে নির্বাচন পিছিয়ে যাবে। একদিকে রয়েছে ইমরান খানের জনপ্রিয়তা, অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহিবল (আইএমএফ) থেকে ঋণ নেওয়ার পরও দেশে মুদ্রাস্ফীতির আঁচ কমছে না। ফলে এ অবস্থায় পিএমএল-এন জোটের জয়ে সম্ভাবনা ক্ষীণ।

একসময় পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠতা ছিল। পরে শক্তিশালী বাহিনীটির সঙ্গে বিবাদে জড়াতেও পিছপা হননি তিনি। এর আগে দেশটির কোনো রাজনীতিবিদ এমনটা করার ‘সাহস’ দেখাননি। এ কারণে দেশটির একটা বড় অংশের কাছে ইমরানের জনপ্রিয়তা রয়েছে। সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানকে জেলে পোরার বিষয়টি তাঁর জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী করবে বলেই মনে করেন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক রসুল বকশ।

তিন মাসে আগে গত মে মাসেও একবার গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। এর জেরে তাঁর কর্মী-সমর্থকেরা দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন। নজিরবিহীনভাবে সামরিক সম্পত্তি ও স্থাপনায় হামলা চালানো হয় তখন। কমপক্ষে আটজনের প্রাণহানি ঘটে। দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় প্রায় ১ হাজার ৪০০ জনকে।

আরও পড়ুন

এরই মধ্যে ৭০ বছর বয়সী ইমরান তাঁর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, সেনাবাহিনী চায় ‘আমাকে কারাগারে ঢোকাতে আর আমার দলকে ধ্বংস করতে।’ তবে এরপরও নিয়মের কোনো ব্যত্যয় হয়নি। যে ব্যক্তিই পাকিস্তানের সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানাক না কেন, তাঁকে ক্ষমতা ছাড়তেই হয়। এমনকি তিনি যদি হন ইমরান খানের মতো ক্যারিশম্যাটিক ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নেতাও, তাঁর পক্ষেও সেনাবাহিনীকে চটিয়ে কুরসি আঁকড়ে থাকা সম্ভব হয় না। গত শতকের সত্তরের দশক থেকে এমনটাই হয়ে আসছে, ইমরান খান এর সবশেষ নজির মাত্র।

পাকিস্তানে সমান্তরালভাবে সরকার পরিচালনার জন্য দুটি ব্যবস্থা আছে বলে উল্লেখ করেন পাকিস্তানের সাবেক সিনেটর আফ্রাসিয়াব খাটাক। তাঁর মতে, এখন অননুমোদিত ছায়া শক্তিটি চায় সংসদীয় প্রক্রিয়ার লাগাম হাতে নিতে।

কারাদণ্ড দেওয়ায় ইমরান খানের জনপ্রিয়তা বাড়বে বলে ধারণা করা হচ্ছে
রয়টার্স ফাইল ছবি

আফ্রাসিয়াব খাটাক বলেন, পাকিস্তানের সেনাবাহিনী বরাবরই ক্ষমতাশালী, কিন্তু তারা আরও ক্ষমতা চায় যাতে তাদের অননুমোদিত শাসনকে রাজনীতিবিদ, অ্যাকটিভিস্ট বা সাংবাদিক—কেউই চ্যালেঞ্জ করতে না পারেন।

গত সপ্তাহে পাকিস্তানের জাতীয় পরিষদে একটি আইনের সংশোধনী ও একটি নতুন আইনের বিল তোলা হয়। কঠোর এ আইন দুটির উদ্দেশ্য সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীকে আরও ক্ষমতাশালী করা।

শত বছরের পুরোনো অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের প্রস্তাবিত সংশোধনী সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স) এবং আইবিকে (ইনটেলিজেন্স ব্যুরো) আরও ক্ষমতা দেবে।

তারা ‘দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গ করার সন্দেহে’ নাগরিকদের গ্রেপ্তার করতে পারবে। উপরন্তু, আরেকটি নতুন আইনের বিল তোলা হয়েছে, যাতে কোনো গোয়েন্দা কর্মকর্তার পরিচয় ফাঁসের জন্য তিন বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

দুটি আইন নিয়েই জাতীয় পরিষদে হট্টগোল হয়। ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই এবং ক্ষমতাসীন পিএমএল-এন নেতৃত্বাধীনে জোটের শরিক দলগুলো সরকারের প্রতি তড়িতড়ি তা পাস না করার আহ্বান জানায়। তারা বিল দুটি পাসের আগে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার দাবি জানায়।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের সংশোধনী গোয়েন্দা সংস্থাগুলোকে গ্রেপ্তার ও পরোয়ানা ছাড়া তল্লাশি চালানোর ‘অস্বাভাবিক ক্ষমতা’ দেবে বলে সতর্ক করেছেন সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমেদ। তাঁর ভাষায়, এর ফলে দেশজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি মানুষের স্বাধীনতা ও মানবাধিকারের ওপর প্রভাব পড়বে।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে বিরোধী মতের লোকজন, রাজনীতিবিদ, অ্যাকটিভিস্ট ও সাংবাদিকদের আইনবহির্ভূতভাবে আটক করে রাখে, এমন অভিযোগ পুরোনো। মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রতি মাসেই ‘জোরপূর্বক গুম’ করা ব্যক্তির সংখ্যা বাড়ছে।

গুমের ঘটনা খতিয়ে দেখতে গঠিত সরকারের তদন্ত কমিশনের হিসাবে গত জুলাইয়ে ১৫৭টির বেশি গুমের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

এরই মধ্যে সংসদে পাস হওয়া আইন দুটির বিল প্রেসিডেন্ট আলভির কাছে পাঠানো হয়েছে। ইমরানের দল পিটিআইয়ের সহপ্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলভিকে অবশ্যই বিল দুটি সই করতে হবে, যাতে সেগুলো আইনে পরিণত হতে পারে।


আরও পড়ুন