ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

বিয়ে
প্রতীকী ছবি

অর্থনৈতিক সংকটে জর্জর পাকিস্তান লোডশেডিংয়ে নাকাল। পরিস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় এবার বিয়ের অনুষ্ঠানের বিষয়েও খড়্গহস্ত হলো সরকার। রাত ১০টার পর পাকিস্তানের রাজধানীতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। অতিথিদের দেওয়া যাবে কেবল এক পদের খাবার। খবর জিও নিউজের।

আজ বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় এই বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। এ ছাড়া বিয়ের অতিথিদের কেবল এক পদের খাবার পরিবেশনের অনুমোদন দেওয়া হবে বলেও সূত্রগুলো জানায়।

আরও পড়ুন

এদিকে কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইসলামাবাদ পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। সূত্রগুলো জানায়, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ইসলামাবাদ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

অন্যদিকে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রোববারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটির দিন বহাল রাখার ইঙ্গিত দিয়েছে মন্ত্রিসভা। শাহবাজ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিনই শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন। অবশ্য কর্মকর্তা-কর্মচারীদেরও বিরোধিতার মুখে পড়েন তিনি।

গতকাল মঙ্গলবারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেন, শনিবার সাপ্তাহিক ছুটি বহালের বিষয়টি মন্ত্রিসভা অনুমোদন দিলেও সন্ধ্যা সাতটার পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, শুক্রবার বাসা থেকে অফিস করা এবং দোকানপাট দ্রুত বন্ধ করার পরামর্শ এসেছে।

আরও পড়ুন

দ্রুত দোকানপাট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার একটি উপকমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করবে।

মরিয়াম আওরঙ্গজেব আরও জানান, গুরুত্বপূর্ণ সফর ছাড়া সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য ও আমলাদের বিদেশে চিকিৎসা নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।