আজ ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া ভারত, রাশিয়াসহ আরও কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার দুই মাস পেরিয়ে গেছে। এ সময়ে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২০ হাজার মানুষের প্রাণ গেছে। বেশির ভাগই নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি সংবাদমাধ্যম দপ্তরের পক্ষ থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, গাজায় নিহত মানুষের মধ্যে অন্তত আট হাজার শিশু রয়েছে।
ফিলিস্তিনের গাজা নগরীতে একটি বড় ধরনের সুড়ঙ্গের নেটওয়ার্ক খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির ভাষ্য, একসময় হামাসের জ্যেষ্ঠ নেতারা এ সুড়ঙ্গ ব্যবহার করতেন। একে ‘সন্ত্রাসীদের ভূগর্ভস্থ শহর’ (আন্ডারগ্রাউন্ড টেররিস্ট সিটি) বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ফিলিস্তিনি পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধ গত ৭ অক্টোবর শুরু হওয়ার পর গাজা উপত্যকায় প্রায় ৬৬ শতাংশ মানুষ চাকরি হারিয়েছেন। আইএলও এবং ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (পিসিবিএস) গতকাল বুধবার জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের কর্মসংস্থান দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে, যা ১ লাখ ৯২ হাজার চাকরির সমান।
এদিকে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে। এর নাম দেওয়া হয়েছে জেএন.১। দ্রুত ছড়ানোর কারণে এটিকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অনেক দেশে করোনার জেএন.১ ধরন পাওয়া গেছে।
ভারতে বিরোধীহীন সংসদের নিম্নকক্ষ লোকসভায় গতকাল বুধবার পাস হয়ে গেল বহু বিতর্কিত দুটি বিল। আজ বৃহস্পতিবার যা প্রায় বিরোধীশূন্য রাজ্যসভাতেও পাস হবে বলে ধারণা করা হচ্ছে। তা হলেই ‘দণ্ড সংহিতা’ বিলের মতো নতুন ‘টেলিকম’ বিলও আইনের মর্যাদা পেয়ে যাবে এবং সরকার হাতে পাবে ইচ্ছেমতো দমন-পীড়নের আরও ক্ষমতা।
দীর্ঘদিনের বিরোধ পাশ কাটিয়ে বন্দী বিনিময় করেছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। ১০ জন মার্কিন বন্দীকে ছেড়ে দিয়েছে কারাকাস। বিপরীতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ এক সহযোগীকে মুক্তি দিয়েছে ওয়াশিংটন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি চেষ্টায় হেরে গেছেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আব্রামোভিচ ইইউর নিষেধাজ্ঞায় পড়েন। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে তিনি আইনগত পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তিনি বিফল হয়েছেন।