তাইওয়ানে চীনের আক্রমণ আসন্ন মনে করেন না অস্টিন
তাইওয়ানে চীনের আক্রমণ আসন্ন বলে মনে করেন না মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। খবর রয়টার্সের
সিএনএনের ফরিদ জাকারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্টিন এ কথা বলেন। গত শুক্রবার রেকর্ড করা সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রচারিত হয়।
তবে অস্টিন উল্লেখ করেন, তাইওয়ান প্রণালি ঘিরে সামরিক তৎপরতার মাধ্যমে একটি ‘নতুন স্বাভাবিকতা’ প্রতিষ্ঠার চেষ্টা করছে বেইজিং।
গত আগস্টের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তাঁর এ সফর চীনকে ক্ষুব্ধ করে।
পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করে চীন। এ মহড়া এখনো অব্যাহত রয়েছে। তবে তার মাত্রা এখন অনেকটাই কম।
তাইওয়ানে চীনের আক্রমণের আশঙ্কা প্রসঙ্গে সাক্ষাৎকারে কথা বলেন অস্টিন। তিনি বলেন, ‘আমি আসন্ন কোনো আক্রমণ দেখতে পাচ্ছি না।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাঁরা যা দেখতে পাচ্ছেন, তা হলো চীন একটি নতুন স্বাভাবিকতা প্রতিষ্ঠা করতে চলছে। তাইওয়ান ঘিরে চীন ক্রমবর্ধমান তৎপরতা চালাচ্ছে। তাঁরা দেখেছেন, চীনা যুদ্ধবিমান একাধিকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা বেড়েছে। তাঁরা তাইওয়ান ও এর আশপাশে চীনা নৌযানের অধিক তৎপরতা দেখেছেন।
অস্টিন বলেন, ‘আমরা একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বজায় রাখা নিশ্চিতে আমাদের মিত্রসহ অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব।’
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।
তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বিরাজমান। গত মাসে তাইওয়ানের কাছে ১১০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় বেইজিং।