২৮ বছর বয়সী অড্রে হালে সাতটি আগ্নেয়াস্ত্র বৈধভাবে কিনেছিলেন। এর মধ্যে তিনটি আগ্নেয়াস্ত্র তিনি হামলায় ব্যবহার করেন। স্থানীয় সময় গত সোমবার সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহরের কোভনেন্ট স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালান অড্রে। এতে তিন শিশুসহ অন্তত ছয়জন নিহত হন। পরে পুলিশের গুলিতে অড্রেও নিহত হন।
নাশভিল পুলিশ বিভাগের প্রধান জন ড্রেক এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় পাঁচটি দোকান থেকে অস্ত্রগুলো কেনা হয়েছিল। বৈধভাবেই অস্ত্রগুলো কেনা হয়। অড্রে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দিতেন। অবশ্য পুলিশ তাঁকে বারবার নারী বলে সম্বোধন করে আসছিল।
জন ড্রেক বলেন, অড্রে একটি মানসিক ব্যাধির জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তবে তাঁর চিকিৎসার বিষয়ে কিছুই জানেন না আইন কর্মকর্তারা।
জন ড্রেক জানান, অস্ত্রগুলো বাড়িতে লুকিয়ে রেখেছিলেন অড্রে। তাঁর মা–বাবা বিষয়টি বুঝতে পারেননি। অড্রের হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। পুলিশ কর্মকর্তা জন ড্রেক বলেন, হামলার সময় কোনো শিক্ষার্থীকে সুনির্দিষ্টভাবে খোঁজ করেননি অড্রে। তিনি নির্বিচারে গুলি চালিয়েছেন।
আগ্নেয়াস্ত্র চালানোর ব্যাপারে অড্রের কিছু প্রশিক্ষণ নেওয়া থাকতে পারে বলে ইঙ্গিত দেন পুলিশ কর্মকর্তা জন ড্রেক।