মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে কাতারের দেওয়া উড়োজাহাজ উন্মোচন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজটি পরিদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবির বাঁয়ে প্রেসিডেন্টের নিরাপত্তাবহর দেখা যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশ্বের অন্যতম সুরক্ষিত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ উন্মোচন করেছে মার্কিন বিমানবাহিনী। কাতারের উপহার দেওয়া এই উড়োজাহাজ নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে নৈতিকতা, সংবিধান এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।

শুক্রবার মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিশেষ ক্ষমতা ও সুরক্ষাযুক্ত নতুন ‘ভিসি-২৫বি ব্রিজ’ উড়োজাহাজটি সফলভাবে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। উড়োজাহাজটি প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করবে।

কাতারের উপহার দেওয়া শত শত মিলিয়ন ডলার মূল্যের এই বিলাসবহুল উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র উপহার হিসেবে গ্রহণ করায় মার্কিন রাজনীতিতে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, এত বড় একটি উপহার প্রত্যাখ্যান করা হবে চরম বোকামি।

একই সঙ্গে ট্রাম্প নতুন আরেকটি বিতর্কের জন্ম দিয়ে বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর উড়োজাহাজটি তিনি নিজের প্রেসিডেন্সিয়াল সংরক্ষণাগারে দান করে দেবেন।

আরও পড়ুন

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রথম মেয়াদ থেকেই ১৯৯০ সালের পুরোনো বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দুটি পরিবর্তন করার জন্য জোর চেষ্টা চালিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবারই হোয়াইট হাউসের কর্মকর্তারা পুরোনো দুটি উড়োজাহাজের একটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এর পরেই নতুন এই উড়োজাহাজটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে যুক্ত করার খবর সামনে আসে।

নতুন উড়োজাহাজটির বাহ্যিক রূপেও এসেছে বড় পরিবর্তন। পুরোনো উড়োজাহাজের গায়ে নীল ও সাদা রঙের সংমিশ্রণ থাকলেও, নতুনটির নিচের অংশ গাঢ় নীল, মাঝখানে একটি চিকন লাল দাগ এবং ওপরের অংশ নীল রঙে সাজানো হয়েছে।

আরও পড়ুন

নিয়ম অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট যখনই এই উড়োজাহাজে উঠবেন, তখনই এটির নাম হবে এয়ার ফোর্স ওয়ান।

মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বোয়িং কোম্পানির সঙ্গে দুটি নতুন ৭৪৭-৮ উড়োজাহাজ তৈরির চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সরকার। কিন্তু বাজেট বৃদ্ধি এবং নানা জটিলতার কারণে সেই কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে।