ইরানি ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ৬ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ড্রোন প্রস্তুত ও সরবরাহকারী একটি ইরানি প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, ইউক্রেনে অবকাঠামোতে হামলা চালাতে রাশিয়া এসব ইরানি ড্রোন ব্যবহার করছে। খবর রয়টার্সের।
শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুদস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজের (কিউএআই) ছয়জন নির্বাহী ও বোর্ড সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি লাইট এয়ারপ্লেনস ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ নামেও পরিচিত।
কুদস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ ২০১৩ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় একে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি হিসেবে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘পুতিন যেন এসব অস্ত্র না পান এবং ইউক্রেনে যেন তিনি বিনা উসকানিতে বর্বরোচিত হামলা না চালাতে পারেন তা নিশ্চিত করতে আমরা সব চেষ্টা চালিয়ে যাব।’
ইরানি ড্রোন উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর ওপর এর আগেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে এ ড্রোন ব্যবহার করে রাশিয়া হামলা চালাচ্ছে।
রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করেছে ইরান। তবে তারা বলছে, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর আগেই এগুলো পাঠানো হয়েছে। ইউক্রেনে হামলায় ইরানি ড্রোন ব্যবহার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।