
পৃথিবীকে প্রশ্ন করি হে মহারহস্যময় গ্রহ
কোথায় পেয়েছ তুমি এত তাপ, এত হিমবায়ু
তোমার চুম্বকময় গাত্রভরা প্রেম কিন্তু প্রেমিক স্বল্পায়ু
সবুজ চামড়াঅলা সসাগরা। কিন্তু তুমি নহ
চেতনায় গোলাকৃতি। অহরহ ঘুরছো কেবল
ঘূর্ণনে কাঁপছে প্রাণ ধনমান জগত্জঙ্গম
কাঁপছে চুম্বকক্ষেত্র, প্রেমপ্রীতি মৃত্যু ও জনম
সামান্য স্থলের রেখা এতটুকু, তিনভাগ জল।
তোমার তুলনা চলে বস্তুবিশ্বে নেই কোনো প্রাণী
আমার প্রেয়সী ছাড়া আর সবই দৃশ্যের ছলনা
প্রকৃতি সবুজগন্ধী বায়ু ছাড়া কী আছে, বলো না?
আমার প্রেমকে দেখো, অন্য চোখে দেখো অরণ্যানী।
তার দেহে নদী আছে। পাহাড় পর্বত অসমান
স্পর্শে জাগে রোমকূপ তালতৃষ্ণা সমুদ্রের গান।
২০ ফেব্রুয়ারি ২০০৫