প্রথম আলোর বয়স মাত্র ২৫ বছর, কিন্তু এর অর্জন অনন্য। প্রথম আলো তার স্বপ্নের পথে এগোতে এগোতে বাংলাদেশের সংবাদমাধ্যমে অভূতপূর্ব কিছু মাইলফলক স্থাপন করেছে। সাহসী সাংবাদিকতা, উদ্ভাবনী পরিকল্পনা, দেশ ও বিদেশের অগ্রগণ্য মানুষের সম্পৃক্ততা ছিল এর শক্তি। প্রথম আলোর ২৫ বছরের নির্বাচিত ও সংক্ষেপিত বিষয়বস্তু থেকে পাওয়া যাবে এর স্বতন্ত্র পথরেখার নিশানা।
কোনো কোনো দিন আর দশটা দিনের মতো নয়। ১৯ জুন শুক্রবার ২০০৯ ছিল আমার জন্য তেমনই একটি দিন। সেদিন দুপুরে প্রথম আলোর বিশেষ ব্যবস্থায় আমরা জনা তিরিশেক আকাশপথে উড়ে গিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজার, ফিরে এসেছিলাম ওই দিনই সন্ধেবেলায়। উপলক্ষ ছিল প্রথম আলোর নিবিড় কল্যাণী চেতনাসৃজনের অভিযান ‘বদলে যাও বদলে দাও’-এর দেশব্যাপী অঙ্গীকার গ্রন্থনার শীর্ষ অনুষ্ঠানটি।
বাংলাদেশটা কত বড়? তেঁতুলিয়া থেকে টেকনাফ, জাফলং থেকে সুন্দরবন। খুব ছোট তো নয়। বিশাল দেশ। সেদিন ওই একবেলাকার ভ্রমণে আমাদের এই দেশটিকে—শুধু পথপরিব্রজনে নয়, দেশব্যাপী শুভ চেতনার বিশাল অনুভবেও—যেন আমার করতলের পরিসরেই পেয়ে যাই।…
উড়োজাহাজ প্রস্তুত। আমরা উঠে বসলাম। জাহাজের প্রথম সারিতে মুখোমুখি চারটি আসনে আমরা চারজন বসার কার্ড পেয়েছি—জিল্লুর রহমান সিদ্দিকী আর রাশেদা কে চৌধূরী পাশাপাশি। তাঁদের বিপরীতে আমি আর মুহাম্মদ হাবিবুর রহমান।
শেলী ভাইয়ের পাশে বসে আমার মনে পড়ে গেল, তাঁকে আমি কথাটা বললামও। দূর সেই অতীতে, জগন্নাথ কলেজ, আমরা মাত্র গুটিকয় ছাত্র জেনারেল হিস্ট্রির ক্লাস নিয়েছি, বাকি সবাই ইসলামিক হিস্ট্রিতে ভিড় জমিয়েছে। পাকিস্তানের সে আমলে ইসলামিক হিস্ট্রি পড়ার খুব চল ছিল। জেনারেল হিস্ট্রির প্রথম দিনের ক্লাসেই শেলী ভাই—মুহাম্মদ হাবিবুর রহমান—একটা কথা বলেছিলেন, যা আমাকে ইতিহাসের প্রতি নতুন একটি চোখ দিয়েছিল। শেলী ভাই বলেছিলেন, তোমরা ইতিহাস পড়তে এসেছ, ইতিহাস পুরোনো দিনের বিবরণ মাত্র নয়, ইতিহাস আসলে এখনকারই, এই যে বর্তমান—জেনে রাখবে, এই মুহূর্তেই রচিত হচ্ছে ইতিহাস।
সেই ইতিহাসই রচিত হতে দেখলাম কক্সবাজারে পৌঁছে, সাগরের তীরে দাঁড়িয়ে, সাত কিলোমিটার দীর্ঘ ব্যানারের দিকে দৃষ্টিপাত করে। শাদা জমিনে নানা রঙের কালিতে সারা দেশের কত লক্ষ মানুষ করেছে স্বাক্ষর অঙ্গীকারে, বদলে যাওয়ার অঙ্গীকারে, বদলে দেওয়ার অঙ্গীকারে। প্রথম আলোর প্রণোদনায় দেশটিকে নতুন করে জানার, ভাবার এবং আমাদের অতীত সব ব্যর্থতা ও পতনকে পেছনে ফেলে সমর্থ পায়ে সোনালি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এই বিপুল বিশাল অঙ্গীকার।
সবুজ-নীল সমুদ্র আছড়ে পড়ছে বেলাভূমে। মাথার ওপর জ্বলছে দিনের দৃপ্ত সূর্য। উত্তপ্ত বালু, কিন্তু তার ওপরই স্থির পায়ে দাঁড়িয়ে আছে মানুষ—দেশের কত–না গ্রামগঞ্জ ও শহর থেকে আসা হাজার হাজার মানুষ। …সবার চোখেমুখে একটিই প্রত্যয়—আমরা বদলাব, দেশকে বদলাব। আর এই বদলটার লক্ষ্য সোনার মানুষ হওয়া, বাংলাদেশকে সোনার বাংলা করে তোলা—আমাদের শ্রমে, ঘামে, প্রেমে ও কর্মে।…
গোড়াতেই বলেছিলাম—তেঁতুলিয়া থেকে টেকনাফ, জাফলং থেকে সুন্দরবন, খুব ছোট তো নয় বাংলাদেশ। বিশাল দেশ। বিশাল আমাদের অর্জনও। ভাষার জন্য প্রাণ দিয়েছি। দক্ষিণ এশিয়ার পাঁচ হাজার বছরের ইতিহাসে বাঙালি একমাত্র জাতি, আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো রাজনীতির কবি আমাদের মধ্যে জন্ম নিয়েছেন। আধুনিক বাঙালির নির্মাতা রবীন্দ্রনাথ কেবল বাংলা ভাষা বা বাঙালির নন, বিশ্বের সর্বকালের অন্যতম প্রধান কবি, তাঁর বিশ্বকল্প মানস ও মানবপ্রেমই গড়ে উঠেছে এই বাংলারই শিলাইদহ শাহজাদপুর পতিসরের জীবন-কাদা-মাটির স্পর্শে ও অভিজ্ঞতায়। রাজনীতির বিপাকে মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিপরীতে বলিষ্ঠ কালো রেখার টানে যে জয়নুল অসাম্য আর অন্যায়ের দিকে আমাদের দৃষ্টি করে দেন উন্মোচিত, তিনি তো আমাদেরই মধ্যে জন্ম নেওয়া মানুষ।
এই দৃষ্টি, এই শক্তি, এই প্রতিভা থেকে যখনই আমরা বিচ্যুত হয়েছি, দেশমাতার নয়ন দুটি জলে ভেসে গেছে। সেই অশ্রুজল আমরা মোচন করতে পারি—আমরাই পারি—আবার আমরা উন্নত হতে পারি—আমরাই পারি। পারতেই হবে। নইলে মহাজীবনের কাছে, ইতিহাসের কাছে কী দেব আমরা উত্তর?
প্রথম আলোর বদলে যাও বদলে দাও আমাদের দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরই সমুখে। আমাদের আত্মশক্তিতে উদ্বুদ্ধ হওয়ার ডাক দিয়েছে প্রথম আলো। আমরা অঙ্গীকার করেছি বাংলাদেশের মানুষ। দিনবদলের আহ্বান আমরা শুনতে পেয়েছি। এই আহ্বান ও অঙ্গীকার অপেক্ষা করছে কর্তব্যে অবতীর্ণ হওয়ার। জিহ্বার শুধু উচ্চারণ নয়, বাহুতেও সে উচ্চারণ স্পন্দিত হোক দেশ গড়ার কাজে।
২৬ জুন ২০০৯ (সংক্ষেপিত)