পঁচিশের নির্বাচিত

আলোচিত সেই নাইনশুটার লিটন

প্রথম আলো ২৫ বছর ধরে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে। পেয়েছে অগণিত পাঠকের অকুণ্ঠ প্রশংসা। এর অনেক প্রতিবেদন দুর্নীতির স্বরূপ উন্মোচন করেছে। আবার মানুষের জীবন বদলে দিয়েছে কোনো কোনোটি। এমন একটি প্রতিবেদনের চুম্বক অংশ তুলে আনা হলো এখানে।

ঢাকার রাজপথে অস্ত্র হাতে সন্ত্রাসী লিটন
ঢাকার রাজপথে অস্ত্র হাতে সন্ত্রাসী লিটন

রাজধানীর পুরানা পল্টনের মোড়ে সচিবালয়ের উত্তর-পূর্ব কোণে পুলিশ বক্সের কাছে অস্ত্র হাতে দৌড়াচ্ছিলেন এক যুবক। দৃশ্যটি ১৯৯৯ সালের ২৬ জানুয়ারি বেলা ১১টার। হরতাল চলাকালে তিনি অস্ত্র উঁচিয়ে বিরোধীদলীয় কর্মীদের ধাওয়া করছিলেন। পরদিন প্রথম আলোর প্রথম পাতায় ছবিটি ছাপা হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগ্নেয়াস্ত্রটি ছিল নাইনশুটার শটগান, যা থেকে একত্রে ৯ রাউন্ড গুলি বের হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রধারী এই যুবক সরকারদলীয় সংসদ সদস্য হাজি সেলিমের ঘনিষ্ঠ। নাম লিটন। নদীর ওপারে কালীগঞ্জে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। গ্রামের বাড়ি ফরিদপুরে। লিটনের বাঁ পাশে সামান্য পেছনে হাত গুটিয়ে দৌড়ের ভঙ্গিতে যে যুবকটির ছবি একই সঙ্গে পত্রিকায় ছাপা হয়েছে, তাঁর নাম লম্বা সোহেল। সোহেলও হাজি সেলিমের ঘনিষ্ঠ লোক। তাঁর বাসা পুরান ঢাকার শেখ সাহেব বাজারে।

এ বিষয়ে জানতে চাইলে হাজি সেলিম প্রকাশিত ছবির অস্ত্রধারীকে চেনেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন। তবে রহমতগঞ্জের অধিকাংশ মানুষই তাঁকে চিনতে পেরেছেন। অনেকেই তাঁর নাম জানেন না। প্রায়ই হাজি সেলিমের জিপে চড়তে তাঁকে এলাকাবাসী দেখেছেন। ২৬ জানুয়ারি হরতালের দিনেও ওই এলাকায় ঘোরাফেরা করেছেন তিনি।

৩১ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম সংসদে একজন বিরোধীদলীয় সদস্যের প্রশ্নের জবাবে বলেন, পত্রপত্রিকায় যে অবৈধ অস্ত্রধারীর ছবি ছাপা হয়েছে, তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশকে তাত্ক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেওয়ার পর ১৮ দিনেও গ্রেপ্তার হননি এই অস্ত্রধারী, উদ্ধার হয়নি অস্ত্র।

বিস্ময়কর হলো, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ওই অস্ত্রধারীকে গ্রেপ্তার করার বিষয়ে কোনো লিখিত নির্দেশ পাওয়া যায়নি। 

এই অস্ত্রধারী সম্পর্কে পুলিশের নগর বিশেষ শাখা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে, অস্ত্রধারী অতীতে বিএনপির হয়ে একইভাবে হরতালবিরোধী মিছিলে অংশ নিতেন। এখন তিনি সরকারের পক্ষ নিয়ে মিছিলে অংশ নেন। তাঁদের রাজনৈতিক কোনো আদর্শ নেই। তাঁরা যেকোনো সময় সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারেন।

একই বছরের ১৮ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নাইনশুটার শটগান হাতে নিয়ে রাজপথে বিরোধী দলের মিছিলকে ধাওয়াকারী ব্যক্তিকে চিহ্নিত করা গেছে। পুলিশ ওই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে সম্ভাব্য জায়গায় ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে।

নাইনশুটার লিটন ঢাকায়

একই বছরের ২০ আগস্ট প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, অস্ত্রধারী লিটন এখন ঢাকায়। তিনি ঢাকা শহরের লালবাগ, রহমতগঞ্জ, পোস্তা, চুড়িহাট্টা এবং মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। এসব এলাকায় প্রায় সময় লিটনকে দেখা যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা জানিয়েছেন। 

স্থানীয় এক রাজনৈতিক কর্মী জানান, পত্রিকায় ছবি ছাপা হওয়ার পর দু-তিন দিন তিনি স্থানীয় সংসদ সদস্যের সঙ্গেই ছিলেন। কিন্তু প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় লিটন সম্পর্কে লেখা অব্যাহত থাকলে তাঁকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা যায়। কিন্তু ভারতে লিটনের ভালো না লাগার কারণে এক মাস পর দেশে চলে আসেন।

 অবশেষে গ্রেপ্তার 

 অবশেষে ২০০২ সালের ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের দেহরক্ষী এবং ‘নাইনশুটার লিটন’ নামে পরিচিতি পাওয়া বাবুল ওরফে জিকু বাবুল (৩৮)। কোতোয়ালি থানার পুলিশ ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বাবুল বলেছে, নাইনশুটারটি হাজি সেলিমের এবং মিছিলের দিন সেটি হাতে নিয়ে তিনি মহড়া দিয়েছেন। 

 তবে নাইনশুটার লিটন থানায় সাংবাদিকদের কাছে গল্পের মতো করে বলেন, ‘ঘটনার দিন আমি পল্টন মোড়ে অস্ত্রটি রাস্তায় পড়ে থাকতে দেখে হাতে তুলে নিয়েছিলাম। এ সময় সাংবাদিকেরা ছবি উঠায়। কিন্তু অস্ত্রটি গরম মনে হওয়ায় পরমুহূর্তেই ফেলে দিই। কিন্তু সাংবাদিকেরা সে ছবিটি আর তোলেনি।’

 প্রকাশ: ২৭ জানুয়ারি ১৯৯৯