শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোব ইউনিয়নের পাইনপাড়া আহম্মদ মাঝির কান্দি গ্রামে অগ্নিকাণ্ডে শহীদুল ইসলাম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রশিদ জঙ্গির ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। গ্রামের কয়েকজন জানান, রশিদের স্ত্রী রান্না বসিয়ে গোসল করতে নদীতে গেলে চুলা থেকে আগুন ছড়িয়ে ঘরে লেগে যায়। এ সময় ঘরে শহীদুল ঘুমিয়ে ছিল। পরে গ্রামবাসী আগুন নিভিয়ে ঘর থেকে শিশুটির দগ্ধ মরদেহ উদ্ধার করে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।