মিল্ক ভিটার উৎপাদিত পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ বিক্রয় সুপারভাইজার আবদুল মালেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানী ঢাকায় মিল্ক ভিটার তরল দুধ ও অন্যান্য পণ্যসামগ্রীর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সম্প্রতি বিজয়নগর ও কারওয়ান বাজারে পণ্য সরবরাহে অনিয়মের ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার আবদুল মালেককে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এ নিয়ে গত তিন মাসে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭১ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি এবং চারজনকে বরখাস্ত করা হয়েছে। মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, মিল্ক ভিটার সুনাম ও বিক্রয় কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু চক্র সক্রিয় রয়েছে। এই চক্রকে দ্রুত নির্মূল করা হবে।