চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সোলেমান মিঞা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে আটক হওয়া পাঁচ ভুয়া পরীক্ষার্থীকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরেফিনের ভ্রাম্যমাণ আদালত গত রোববার রাতে তাঁদের এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার জিনারপুর গ্রামের আল-আমিন (২০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের আবদুল আওয়াল (১৯), রাজশাহীর বাগমারা উপজেলার কালিকাপুর গ্রামের আল-আমিন (১৯), নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ডি গ্রামের নাজমুল হাসান (১৯) ও মেহেদী হাসান (১৯)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও কলেজের অধ্যক্ষ মোহসিন আলী জানান, রোববার বিকেলে ডিগ্রির ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে অন্যের হয়ে ওই পাঁচজন পরীক্ষা দিতে আসেন।