অপরাধ দমনে আন্তরাষ্ট্রীয় সহযোগিতা বাড়াতে ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা বিল, ২০১২’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল রোববার বিলটি উত্থাপন করেন।পরে বিলটি তিন কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।বিলের উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে মন্ত্রী বলেন, অপরাধ-সম্পর্কিত আন্তরাষ্ট্রীয় পারস্পরিক সহায়তার মাধ্যমে কোনো ব্যক্তির সন্ধান, সাক্ষ্য বা বক্তব্য নেওয়া, সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা, তদন্তে সহযোগিতা করা, বিচারিক কাজ পরিচালনা ও আটক করা ব্যক্তিকে সহজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এই আইনের উদ্দেশ্য।বিলের ৩ ধারা মতে, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আইনের উদ্দেশ্য পূরণে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠন করবে। ৮ ধারায় রয়েছে, বিদেশের সঙ্গে অপরাধ-সম্পর্কিত সহায়তার চুক্তি থাকুক বা না থাকুক, অপরাধ বিষয়ে কোনো বিদেশি রাষ্ট্র সহায়তা চাইতে পারবে।