ফরিদপুরের সদর উপজেলার এক স্কুলছাত্রী (১৩) অপহরণের চার দিনেও উদ্ধার হয়নি। অপহৃত স্কুলছাত্রীকে অবিলম্বে উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার বিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে।
বিদ্যালয় মাঠের মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিভূতিভূষণ ঘোষ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিয়া, অপহৃত স্কুলছাত্রীর বাবা প্রমুখ।
বক্তারা অবিলম্বে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বক্তারা চার দিনেও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে খোরশেদ শেখ (২৫) ও তাঁর সহযোগীরা অপহরণ করে বলে অভিযোগ ওঠে। খোরশেদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তাঁর বোনের বাড়ি ফরিদপুরে।
এ ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক অসীম মণ্ডল বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।