রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতিকে (এমএমএস) জাতীয় পতাকা অবমাননার দায়ে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর্থিক জরিমানা করেছেন। গত বুধবার থেকে দিন-রাত সংস্থাটির ভবনের সামনে লোহার পাইপে জাতীয় পতাকাটি টাঙানো ছিল। সংস্থার গাফিলতি ও অবহেলার কারণে জাতীয় পতাকাটি আর নামানো হয়নি। এর মধ্যে ঝড়-বৃষ্টিতে পতাকাটি ছিঁড়ে-ফেটে যায়। বিষয়টি জানতে পেরে রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ ঘটনাস্থলে গিয়ে পতাকাটি নামানোর ব্যবস্থা করেন এবং সংস্থাটিকে ৫০০ টাকা জরিমানা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি