অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৭বছরের কারাদণ্ড

নাটোরে অবৈধ অস্ত্র রাখার দায়ে হাবিবুর রহমান নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পরানশিয়া গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার গুরুদাসপুর থানা-পুলিশ ২০১২ সালের ৪ আগস্ট অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে হাবিবুরকে আটক করা হয়। তাঁর শরীর থেকে বিশেষ কায়দায়​ রাখা বিদেশি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার তৎকালীন উপপরিদর্শক ওসমান গণি বাদী হয়ে আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় হয়।